নিম্ন মানের রাস্তা তৈরির অভিযোগ তুলে জলপাইগুড়ির মৌলবী পাড়ার আন্দোলনে এলাকাবাসীদের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩২ সেপ্টেম্বর: নিম্ন মানের রাস্তা তৈরি করার অভিযোগ তুলে আন্দোলনে নামলেন এলাকাবাসীরা। বুধবার জলপাইগুড়ি শহর লাগোয়া মৌলবী পাড়ার ঘটনা। প্রায় ঘণ্টা খানেক চলল বিক্ষোভ ও রাস্তা অবরোধ। সঠিকভাবে দ্রুত রাস্তা তৈরি করা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন একালার বাসিন্দারা বলে জানিয়েছেন তারা।

জলপাইগুড়ি শহরের পিলখানা কলোনি সংলগ্ন গণ্ডার মোড় থেকে ফান্ডিতপাড়া পর্যন্ত প্রায় পাঁচ কিমি রাস্তা। জেলা পরিষদের টেন্ডারে কাজের বরাত পায় এক ঠিকাদার সংস্থা৷ প্রায় ২৬ লক্ষ টাকার কাজ৷ ২৫ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করতে হবে সেই টেন্ডার বোর্ড টাঙানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাঁচ কিমি রাস্তা এখনো হয়নি। মাত্র দুই কিমি রাস্তা তৈরি করা হয়েছে। কিন্তু কাজের মান এতটাই নিম্ন যে গরু ছাগল রাস্তা দিয়ে যাতায়াত করলে পায়ের ছাপ বসে যাচ্ছে। যে পরিমাণ বালি পাথর ও পিচ দেওয়ার কথা ছিল কোনোটাই নিয়ম মেনে দেওয়া হয়নি রাস্তা তৈরির ক্ষেত্রে। কিছু জায়গায় পিচের আস্তরণ উঠে পাথর বের হয়ে গিয়েছে। দ্রুত রাস্তা সঠিকভাবে তৈরি করা ও বাকি রাস্তার কাজ শেষ করার দাবি তুলে এ দিন স্থানীয়রা একজোট হয়ে প্রতীকি অবরোধে সামিল হলেন। প্রায় এক ঘণ্টা অবরোধ করেন তারা।

স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান বলেন, “রাস্তার কাজ সঠিকভাবে হয়নি। কাজের মান এতটাই খারাপ হয়েছে এখনই পাথর উঠে যাচ্ছে। রাস্তা সমান হয়নি, গাড়ি গেলে দুলছে। প্রশাসনকে অভিযোগ করা হয়েছে।
খড়িয়া ও মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায় মধ্যে রয়েছে রাস্তাটি।”

আরও এক বাসিন্দা আদিনুর আহমেদ বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন৷ স্কুলের পড়ুয়ারা যাতায়াত করেন। আমাদের গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তার কাজ নিম্ন মানের হয়েছে। এই কারণে রাস্তা অবরোধ ও বিক্ষোভ দেখানো হল।”

জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ বলেন, “ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার বিষয়টি দেখছেন। গ্রামবাসীরা রাস্তা অবরোধ করছেন। ইঞ্জিনিয়ার যাবেন, রাস্তা যেখানে খারাপ হয়েছে সংস্কার করা হবে। আমরা বিষয়টি দেখছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *