আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর: নিম্নচাপের বৃষ্টির জেরে পটাশপুর ২ ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েত এলাকার বারোচৌকা বেসিন এলকার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। কিন্তু এই রাস্তার মাঝে রয়েছে একটি লকগেট, সেটি যাতে না তোলা হয়, তার প্রতিবাদে রাতভর বিক্ষোভ দেখায় বাসিন্দারা। প্রশাসনের তরফ থেকে লকগেটটি খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছিল। আর তারপর থেকেই শুরু হয় বিক্ষোভ। তাদের দাবি, যদি লকগেট খুলে দেওয়া হয় তবে
৩০ টি মৌজা ভেসে যাবে। সকাল থেকে চলছে গ্রামের প্রায় এক হাজার মহিলা-পুরুষের বিক্ষোভ অবস্থান।

অপরদিকে পটাশপুরের নৈপুর এলাকায় জল ভাসি হয়েছেন বহু পরিবার। তাদের উদ্ধারে নামানো হয়েছে এনডিআরএফ টিম। কেলেঘাই নদীর বাঁধ ভেঙ্গে এখনো জল ঢুকছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে প্রায় ৮০ হাজার মানুষকে সরানো হয়েছে পটাশপুর, ভগবানপুর সহ বিস্তীর্ণ এলাকা থেকে।

ময়না থানার বলাইপণ্ডায় পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের মধ্যে সংযোগকারী চন্ডীয়া নদীর ওপারে থাক সেতুর ওপর দিয়ে বইছে জল। প্রায় হাঁটু সমান জল ডিঙিয়ে যাতায়াত করতে হচ্ছে দুই পারের মানুষকে। দীর্ঘ দিনের পুরনো এই পাকা সেতু যে কোনও মুহূর্তে ভেঙ্গে পড়তে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। চন্ডিয়া নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে। ময়নার দিকের অংশে যাতে জল ঢুকে যাওয়া আটকাতে বালির বস্তা দিয়ে উঁচু করা হয়েছে নদী বাঁধ। সব মিলিয়ে পরিস্থিতি উদ্বেগজনক।

