আমাদের ভারত, ব্যারাকপুর, ৮ আগস্ট: বেহাল নিকাশি ব্যবস্থা, রক্ষণাবেক্ষণের অভাব ও প্রতারণার অভিযোগ তুলে রবিবার বিক্ষোভ দেখালেন সুখচর গোদরেজ প্রকৃতি আবাসনের আবাসিকরা। দীর্ঘদিন ধরে আবাসিকরা তাদের প্রাপ্য সুবিধাগুলি পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন কিন্তু আবাসন কর্তৃপক্ষ তাতে কোনও কর্ণপাত করছে না বলে দাবি বাসিন্দাদের।
তাদের অভিযোগ, গোদরেজ কর্তৃপক্ষ তাদের সাথে প্রতারণা করেছেন। আবাসন কেনার সময় যে সমস্ত প্রতিশ্রুতি কর্তৃপক্ষ দিয়েছিলেন তার কোনওটাই তারা পালন করেননি। তাদের অভিযোগ, এই আবাসনে যখন ফ্ল্যাট কেনেন আবাসিকরা তখন তাদের আবাসনের মধ্যে একটি হাসপাতাল, ক্লাব হাউস, জিম এই সমস্ত পরিষেবা তৈরী করে দেওয়ার কথা বলা হলেও সেগুলি গত ১০ বছরে তৈরী হয়নি। কিন্তু আবাসিকদের দাবি, তারা ফ্ল্যাট নেওয়ার সময় সেই সমস্ত পরিষেবার জন্য আবাসনের কর্তৃপক্ষের ধার্য করা অর্থ তাদের দিয়েছিলেন, অথচ ১০ বছর ধরে সেগুলি তৈরি হয়নি। সেই সঙ্গে ফ্ল্যাট নেওয়ার সময় সমস্ত আবাসনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আবাসন কর্তৃপক্ষ নেওয়ার কথা বললেও আদতে কোনও রক্ষণাবেক্ষণ করা হয় না। এই সমস্ত কারণে গোদরেজ কর্তৃপক্ষ যে প্রতারণা করেছেন সেই অভিযোগ তুলে বিক্ষোভে সোচ্চার হলেন আবাসনের আবাসিকরা।

এদিন আবাসিকরা অভিযোগ করে বলেন, “আমরা নাম দেখে এখানে ফ্ল্যাট নিয়েছিলাম, ভেবেছিলাম এরা এদের কথা রাখবে। কিন্তু এরা কোনও পরিষেবা দেয় না। একটু বৃষ্টি হলেই জল জমে যায় আবাসনে। রাস্তার অবস্থা ভালো না। হাসপাতাল হওয়ার কথা ছিল তা আজও হল না। আবাসন কর্তৃপক্ষ আমাদের সাথে প্রতারণা করেছে। আমাদের দাবি, আবাসন কর্তৃপক্ষকে শীঘ্রই আবাসনের রক্ষণাবেক্ষণের কাজ শুরু করতে হবে। না হলে আমরা এখানে নতুন ফ্ল্যাট তুলতে দেবো না।
তবে এই বিষয়ে আবাসন কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

