পুর পরিষেবায় অসন্তুষ্ট হয়ে ভোটে অংশ না নেওয়ার হুঁশিয়ারি পুরুলিয়ার ২টি ওয়ার্ডের বাসিন্দাদের

সাথী দাস, পুরুলিয়া, ১৯ ফেব্রুয়ারি: পুর পরিষেবায় অসন্তুষ্ট হয়ে ভোটে অংশ না নেওয়ার হুঁশিয়ারি দিলেন ১১ নম্বর ওয়ার্ডের লোকোসেড পাড়ার শিব মন্দির এলাকার বাসিন্দারা। বেহাল নিকাশি ব্যবস্থা। নেই উপযুক্ত রাস্তা-ঘাট। রাস্তার উপর দিয়ে বয়ে যায় নোংরা জল। আর এই নরক যন্ত্রণা থেকে মুক্তি হয়নি এলাকাবাসীর। এরওপর রাস্তা দখল করেই বাড়ি নির্মাণ হয়েছে। সবমিলিয়ে পুর পরিষেবা নিয়ে এলাকাবাসীর ক্ষোভ দীর্ঘদিনের। একই কারণে ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও ভোট বয়কটের ডাক দিয়েছে।

এই এলাকায় শুধু রাস্তা ঘাট, নালা নয়, মিলছে না আবাস যোজনা, বার্ধক্য ভাতা বিধবা ভাতা সহ সরকারি প্রকল্পের সুযোগ। পুরসভার পরিষেবা ও সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা না পেয়ে তৈরি ক্ষোভ থেকে বিক্ষোভ প্রকাশ্যে এল ভোটের মুহূর্তে। মূলত পৌর পরিষেবার দাবি জানিয়ে তাঁরা ভোট বয়কটের ডাক দিলেন। এলাকার দেওয়ালে পোস্টার সাঁটিয়ে তা জানিয়ে প্রশাসন ও রাজনৈতিক দলের কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করছেন তাঁরা। তাঁদের দাবি, স্থানীয় নেতারা নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি দিলেও ভোটের পরে এই এলাকার উন্নয়ন নিয়ে কোনও ভাবনা চিন্তা করেননি। অবশেষে প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে ভোট বয়কটের ডাক বাসিন্দাদের।

একই কারণে পুরুলিয়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডেও ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা রাস্তার মধ্যে ফ্লেক্স ঝুলিয়ে তাঁদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।


বিষয়টি স্থানীয় প্রার্থী ও রাজনৈতিক দলগুলির কাছে পৌঁছালেও আজ বিকেল পর্যন্ত কেউ কান না দেওয়ায় ফুঁসছেন বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *