বিডিওকে চিঠি দিয়ে ভোট বয়কটের ডাক ঝাড়গ্রামের তিনটি গ্রামের বাসিন্দাদের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ জুলাই: বিডিওকে চিঠি দিয়ে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা।

ভোট আসে ভোট যায়, মেলে প্রতিশ্রুতি, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয় না। প্রশাসনিক কর্তা থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের পড়িহাটি ২নং অঞ্চলের তিনটি গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে ভোট বয়কটের ডাক দিলেন।

বাসিন্দাদের অভিযোগ, মামুরদা, হড়পাশোল, বামাদিয়া এই তিনটি গ্রামে কোনো রকম সরকারি প্রকল্পের সুবিধা এসে পৌঁছায়নি। রাস্তাঘাট, পানীয় জল এবং সেচের জলের অভাব গ্রামবাসীদের নিত্যসঙ্গী। পঞ্চায়েত ভোটের আগে গ্রামবাসীদের এই দাবি গুলি পূরণের কথা জানিয়ে জাম্বনি ব্লকের বিডিওকে একটি চিঠিও লিখেছেন বাসিন্দারা। সেই চিঠিতে ভোট বয়কটের সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তাঁরা।

বৃন্দাবন হাঁসদা নামের এক গ্রামবাসী বলেন, “কাপাসিটা থেকে কুসুমডাঙ্গা পর্যন্ত রাস্তাটি দীর্ঘ ১৫ বছর ধরে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। গ্রামে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। দুয়ারে রেশন পরিষেবাও আমাদের গ্রামে পৌঁছতে পারে না। আমরা চাই অবিলম্বে এই রাস্তাটি নির্মাণ করা হোক। এই এলাকাগুলিতে সেচের জলের অভাব থাকার জন্য কেবল মাত্র বর্ষার সময়ই চাষ করা হয়, কিন্তু অন্য সময় সেচের জলের অভাবের জন্য আমরা চাষ করতে পারি না। আমাদের গ্রামে পানীয় জলের জন্য একটি সাবমার্সিবল থাকলেও সেটি খারাপ হয়ে যাওয়ার জন্য বর্তমানে আমাদের কুয়োর জলের উপরই ভরসা করতে হয়। দীর্ঘদিন ধরে এই দাবিগুলি আমাদের পূরণ না হওয়ায় আমরা এই তিনটি গ্রামের বাসিন্দারা সবাই একত্রিত হয়ে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দাবিগুলি যাতে খুব শিঘ্র পূরণ হয় তার জন্য আমরা আমাদের বিডিওকেও লিখিত ভাবে জানিয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *