সাথী দাস, পুরুলিয়া, ৩১ ডিসেম্বর: এটিএম আছে, টাকা নেই। হন্যে হয়ে হয়রান হচ্ছেন সাধারণ মানুষ। পুরুলিয়ায় গত সাত দিনেরও বেশি সময় ধরে বিভিন্ন ব্যাংকের এই রকম পরিষেবায় অসন্তুষ্ট পুরুলিয়াবাসী। কয়েকটি এটিএমে টাকা থাকলেও লম্বা লাইন দেখা গিয়েছে। অনেকে দীর্ঘ অপেক্ষা না করতে পেরে বাড়ি মুখো হচ্ছেন। কিছু কিছু এটিএম বন্ধের নোটিশ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। বেশির ভাগ এটিএম কাউন্টারে ব্যাংকের পক্ষ থেকে স্পষ্ট করে টাকা না থাকার কথা উল্লেখ করা নেই। ফলে হয়রান হচ্ছেন গ্রাহকরা। হাতে টাকা না থাকায় সমস্যায় পড়ছেন অনেকেই।

পুরুলিয়ার বাসিন্দা বিপ্লব কর্মকার বলেন, “গত এক সপ্তাহের বেশি সময় ধরে দেখছি কোথাও এটিএম বন্ধ, কোথাও খোলা তো টাকা নেই। আমরা সমস্যার মধ্যে রয়েছি।”
আদ্রার বাসিন্দা পিন্টু ওঝা বলেন, “গাড়িতে তেল ভর্তির জন্য টাকা তুলতে এসে দেখি নেই। এদিকে তেলের পাম্পে নগদ টাকা ছাড়া তেল দেওয়ার ব্যবস্থা নেই। চরম সমস্যায় পড়েছি।”

আজ পুরুলিয়া শহরের বেশির ভাগ এটিএম কাউন্টার থেকে নিরাশ হয়ে বেড়িয়ে আসতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। যে কয়েকটি এটিএমে টাকা রয়েছে তাতে দীর্ঘ লাইন থাকছে দিনভর। যদিও এটিএমের এই অবস্থা নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায় নি।

