সামান্য বর্ষণে জলমগ্ন ভাটপাড়ার ৩০ নম্বর ওয়ার্ডের পূর্ব বিদ্যাধরপুরে মিস্ত্রী পাড়া, নাকাল বাসিন্দারা

আমাদের ভারত, ব্যারাকপুর, ৫ আগস্ট: সামান্য বর্ষণে জলমগ্ন ভাটপাড়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের পূর্ব বিদ্যাধরপুরের মিস্ত্রী পাড়া। জমা জলের সমস্যায় অতিষ্ট হয়ে উঠেছেন ওই ওয়ার্ডের বাসিন্দারা। বুধবারের সারা দিনের বৃষ্টিতে জল জমে গিয়েছে ভাটপাড়ার মিস্ত্রী পাড়ায়। এই এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই সামান্য বৃষ্টি হলেই নোংরা জল ঘরে ঢুকে পড়ে। একবার বৃষ্টি হলে জল জমে গেলে সেই জল এক সপ্তাহের আগে নামতে চায় না। বুধবারের বৃষ্টি পর ও একই চিত্র দেখা যায়। বৃহস্পতিবারও জল জমে থাকতে দেখা যায়।

এলাকাবাসীদের অভিযোগ, নোংরা জল বাড়িতে ঢুকে যাওয়ায় রান্নাবান্না শিকেয় উঠছে। বাচ্চারা টিউশন যেতে পারছে না। এই জমা জলে সাইকেল আরোহী কিংবা বাইক আরোহী দুর্ঘটনার শিকার হচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তা উঁচু করে দু’পাশ দিয়ে নিকাশি ড্রেন করে করে দিলে সমস্যা মিটে যায়।

যদিও স্থানীয় বিদায়ী কাউন্সিলর প্রবীর বৈদ্যের দাবি, নোংরা আবর্জনায় খাল মজে গিয়েছে। খাল সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। এবার হয়তো ওখানকার বাসিন্দারা জমা জল থেকে নিস্তার পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *