জলযন্ত্রনায় ভোগান্তি মেদিনীপুর শহরবাসীর, কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে জলমগ্ন শহর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ আগস্ট: জলযন্ত্রনায় ভোগান্তি শহরবাসীর। বুধবার সকাল থেকে কয়েক ঘন্টার টানা বৃষ্টিপাতে মেদিনীপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তার উপরেই এক হাঁটু জল। বিশেষত মেদিনীপুর শহরের মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রোডে নেই কোনো নিকাশী ব্যবস্থা। নর্দমার উপরেই আবর্জনার স্তূপ। ফুটপাথের হোটেল গুলিও জলমগ্ন। হাসপাতালের বাইরে সেই অস্বাস্থ্যকর পরিবেশেই হোটেলে খাবার খাচ্ছেন রোগীর পরিজনেরা। নজর নেই পৌরসভার।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যানকে বলে গিয়েছিলেন যে পৌর‌এলাকা সবুজায়ন, ফুটপাত এবং জল নিকাশী ব্যবস্থা সুস্থভাবে করতে। কিন্তু চারমাস কেটে গেলেও কোনো কাজ‌ই হয়নি। সামান্য কয়েক ঘণ্টার বৃষ্টিতেই নিকাশী ব্যবস্থা ভেঙে পড়েছে।

স্থানীয়রা বলেন, বলে হবে কি করে কাজ? সমস্ত নিকাশী নালা, মহানালা এবং চলাচলের রাস্তা রাজনৈতিক দলগুলোর মদতে বেআইনি ভাবে দখল করে দোকান ঘর থেকে দলীয় কার্যালয় গড়ে উঠেছে। রাজনৈতিক স্বার্থে স্থানীয় প্রশাসন অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে। তাই এই জলযন্ত্রনা থেকে কবে রেহাই পাব তা উপরওয়ালাই জানে। তার উপর যত্রতত্র আবর্জনার ফলে নিকাশি ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী বলে যাওয়ার পর শহরবাসী ভেবেছিল যে যাক‌ এবার শহর জলযন্ত্রনা থেকে রেহাই পাবে। কিন্তু বাস্তবে সেই চেনা ছন্দেই চলছে মেদিনীপুর পৌরসভা।

এই পরিস্থিতিতে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অরূপ দাস তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ডকেই দায়ী করলেন। তিনি বলেন, মেদিনীপুর পৌরসভা সবথেকে পুরনো পৌরসভা। কোনো দিনই মেদিনীপুর শহরের নিকাশী ব্যবস্থার কাজ হয়নি। লোক দেখানো একটা বোর্ড চলছে। তৃণমূল পরিচালিত পৌরসভায় কোনো উন্নয়ন হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *