আমাদের ভারত, জলপাইগুড়ি, ১১ অক্টোবর: পানীয় জলের কল আছে, কিন্তু জল পাওয়া যায় না বলে অভিযোগ গ্রামবাসীদের। জলের দাবিতে মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ির পান্ডা পাড়া চেক পোস্ট এলাকার রাস্তা অবরোধ করলেন এলাকা বাসিন্দারা। এলাকার মহিলা ও কচিকাঁচারাও জলের ড্রাম হাতে দড়ি দিয়ে রাস্তা আটকে অবরোধের সামিল হলেন। এর জেরে প্রায় এক ঘণ্টা ধরে জলপাইগুড়ি হলদিবাড়ি রাস্তা অবরোধ থাকে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকেন অসংখ্য মানুষ ও বাস ও নিত্যযাত্রীরা।
সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার পরেশমিত্র কলোনি গ্রাম। এই গ্রামে প্রচুর মানুষের বসবাস। গ্রাম পঞ্চায়েত দফতর থেকে কিছুদিন আগে পানীয় জলের কল বসানো হয়। কয়েক দিন জল আসার পরেই আর জল আসছে না অভিযোগ। প্রায় সাত মাস ধরে পানীয় জল না পেয়ে কয়েক কিলোমিটার দূরে শহর থেকে বয়ে আনতে হচ্ছে পানীয় জল। গ্রাম পঞ্চায়েত সদস্যকে একাধিক বার সমস্যার কথা তুলে ধরলেও কাজ হয়নি। এদিন বাধ্য হয়ে সকলে রাস্তা অবরোধে সামিল হলেন।
গ্রাম পঞ্চায়েত দফতরের তরফে জানানো হয়েছে, কালী পুজোর পর পানীয় জলের সমস্যা সমাধান করা হবে। গ্রামবাসী শিবানী পাসওয়ান বলেন, “কল আছে কিন্তু জল নেই। শহর থেকে জল নিয়ে আসতে হচ্ছে। জলের দাবিতে রাস্তা অবরোধ।”

