পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৭ আগস্ট: রাস্তা না ডোবা বলাই যেন মুশকিল। খেলে বেড়াচ্ছে হাঁসের দল। অবাক করা এই ঘটনাটি কুমারগঞ্জ ব্লকের বটুন অঞ্চলের। দীর্ঘ বছরেও এলাকার চলাচলের একমাত্র রাস্তা সংস্কার না হওয়ায় কিছুটা ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।
গ্রামবাসীদের অভিযোগ, পতিরাম থানার বটুন গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ খাঁপুর থেকে সৈয়দপুর পর্যন্ত দীর্ঘ প্রায় ছয় কিলোমিটার রাস্তা তৈরির পর থেকে আর সেভাবে কোনও সংস্কারই করা হয়নি জেলা পরিষদের তরফে। আর যার জেরে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে ওই রাস্তা। খরার সময় একরকম থাকলেও বর্ষা পড়তেই রাস্তার মাঝে তৈরি হয়েছে ডোবার আকারে বড় বড় গর্ত। প্রচুর জল থাকায় সেখানেই খেলে বেড়াচ্ছে হাঁসের পাল।

এলাকার বাসিন্দা সুমন সরকার, রাজু বর্মন ও মিনতি পাহানরা বলেন, এক হাঁটু কাদা ভেঙ্গে কয়েক বছর আগেও রাস্তায় চলাচল করেছেন। এলাকার মানুষদের দীর্ঘ আন্দোলন, ভোট বয়কটের জেরে তৈরি হয় এই রাস্তাটি। কিন্তু অদ্ভুতভাবে পাকা রাস্তা তৈরির পর থেকে আর সেভাবে কোনও সংস্কার না হওয়ায় তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। বড় বড় গর্তে ভরা সেই রাস্তাতেই চড়ে বেড়াচ্ছে হাঁসের দল। বিষয়টি প্রশাসনের গুরুত্ব দিয়ে দেখা উচিত।

