করোনার সংক্রমণ রোধে ঐক্যবদ্ধ অরবিন্দনগরের বাসিন্দারা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ এপ্রিল: মেদিনীপুর শহরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে  করোনার সংক্রমণ। গত সাত দিনে মেদিনীপুর পৌরসভা এলাকাতে প্রায় ২৬০ জন সংক্রমিত হয়েছেন। জেলা স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্ট থেকে জানাগেছে, শহরের প্রায় সমস্ত ওয়ার্ডেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে শহরের অরবিন্দ নগরের বাসিন্দারা সংক্রমণ ঠেকাতে নিজেরাই উদ্যোগী হয়েছেন। গত কয়েকদিনে জেলা শহরের যেসব এলাকায় উল্লেখযোগ্যভাবে সংক্রমণ বেড়েছে তারমধ্যে জর্জকোট, অরবিন্দনগর অন্যতম এলাকা। এজন্য নিজেরাই উদ্যোগী হয়ে বাড়িগুলিতে জীবাণুনাশক স্প্রে করার কাজে হাত লাগিয়েছেন।

অরবিন্দ নগরের বাসিন্দা কার্তিক চন্দ্র ধর জানিয়েছেন, রবিবার সকাল থেকে বাড়ি বাড়ি জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। এলাকার রাস্তা ঘাট, বাড়ি স্যানিটাইজ করছেন একক প্রচেষ্টায়। এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ওয়ার্ডের বেশ কয়েকজন বাসিন্দা। কার্তিকবাবু জানালেন, “সংক্রমণ বেড়ে যাওয়ায় এলাকার মানুষ আতঙ্কিত। তাই, আর প্রশাসনের ভরসায় না থেকে, ঘর-বাড়ি-রাস্তা-ঘাট স্যানিটাইজ করার উদ্যোগ নিলাম।” শুধু তাই নয়, এলাকায় কারোর যদি কোভিড ধরা পড়ে, তবে প্রাথমিক চিকিৎসার জন্য ঐক্যবদ্ধ এলাকাবাসী ওষুধ থেকে অক্সিজেন সবকিছুই মজুত রেখেছেন। প্রাথমিকভাবে চিকিৎসা পরিষেবার জন্য চিকিৎসকের সঙ্গে এলাকার বাসিন্দারা যোগাযোগ রেখে চলেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *