সাথী দাস, পুরুলিয়া, ৪ মার্চ: রাস্তা খারাপ। উড়ছে ধূলো। অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে শেষ পর্যন্ত পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মানবাজারের ইন্দকুড়ির বাসিন্দারা। মানবাজার থেকে পুরুলিয়া যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। মূল রাস্তা অবরোধের জেরে আটকে পড়ে বহু বাস সহ অন্যান্য যানবাহন। সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী সহ সাধারণ যাত্রীদের।

এলাকার বাসিন্দা পার্থপ্রতিম সেন বলেন, “রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ। তার ওপর কে বা কারা গর্ত ভরাট করতে গিয়ে মাটি ফেলায়, সেই মাটি ধূলো হয়ে উড়ছে এলাকায়। প্রশাসনকে জানানো হলেও সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধের সিদ্ধান্ত।”

পথ অবরোধের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ। আধিকারিকরা কথা বলে বিক্ষোভকারীদের সাথে। পরে মানবাজার গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সব্যসাচী মন্ডল সমস্যা সমাধানের দ্রুত আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন বাসিন্দারা।

