আমাদের ভারত, ১৯ ফেব্রুয়ারি:যখন দেশজুড়ে করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে তখনই যোগগুরু রামদেব বাবার সংস্থা পতঞ্জলি করনিল নামে একটি ওষুধ বাজারে আনে। কিন্তু এই করনিল নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল সেই সময়। তখন ওষুধটিকে ইমিউনিটি বুস্টার হিসেবে ছাড়পত্র দেওয়া হয়। অর্থাৎ সরকার মেনে নিয়েছিল ঐ ওষুধ মানুষের দেহে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। কিন্তু এবার আর কোনো ফাঁক নয়। যোগগুরু রামদেব করোনিল সম্পর্কে একটি গবেষণাপত্র প্রকাশ করলেন তাও একেবারে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির উপস্থিতে। রামদেব বাবার দাবি পতঞ্জলিই প্রথম করোনার প্রমাণ নির্ভর ওষুধ বের করল।
শুক্রবার বাবা রামদেব করোনিলের গবেষণা পত্র প্রকাশ করেন। তার দাবি এই গবেষণা পত্র করনিল নিয়ে সব সন্দেহের অবসান ঘটাবে। তার কথায়, “এর আগে যখন করোনিল বাজারে আনা হয়েছিল তখন অনেক প্রশ্ন তুলেছিল। এই ওষুধ আদৌ কার্যকরী হবে কিনা। ওষুধ তৈরিতে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিনা। অনেকে মনে করেন গবেষণা কেবল বিদেশেই হতে পারে। এই গবেষণার মাধ্যমে আমরা করনিল সম্পর্কে সব সন্দেহ এবার দূর করলাম।”
রামদেব বাবার বলেন, “গবেষণাপত্রের সমস্ত কিছু খুটিয়ে দেখেই সরকার আমাদের সবুজ সংকেত দিয়েছে। আমরা আন্তর্জাতিক মাপকাঠি মেনে চলেছি। হু আমাদের সঙ্গে একমত হয়েছে। এখন আমরা বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ সহ ১৫০ টি দেশে করোনিল বিক্রি করতে পারি।”
স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, “আয়ুর্বেদের উপর মানুষের বিশ্বাস বাড়ছে। মানুষের স্বাস্থ্যের উন্নতির জন্য সব রকমের ওষুধের সাহায্য নেওয়া উচিত।”

