আমাদের ভারত, মেদিনীপুর, ৬ মে: মেদিনীপুর সদরের পাঁচখুরিতে কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলার খবর করতে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে মার খেলেন ৩ সাংবাদিক। গুরুতর জখম এই ৩ জন সাংবাদিককে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
প্রসঙ্গত, মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি গ্রামে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই বিজেপি কর্মীদের উপর লাগাতার হামলা চালানোর অভিযোগ উঠছে। আতঙ্কে ঘরছাড়া হয়েছে অনেকেই। আজ বেলা ১২টা নাগাদ ওই গ্রাম পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরণ ও বিজেপি নেতা রাহুল সিনহা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বেনজির হামলার মুখে পড়েন। তাদের গাড়ি ভাঙ্গচুর করা হয়। অবিরাম ইট বৃষ্টি চলতে থাকে। সেই ছবি তুলতে গিয়ে আক্রান্ত হয় সাংবাদিকরাও। গুরুতর জখম হয় রিপাবলিক টিভির প্রতিনিধি সুদীপ্ত দাস ও ক্যামেরাম্যান মৃন্ময় চক্রবর্তী (ঝন্টু) এবং সিএনের প্রতিনিধি অভিষেক চক্রবর্তী।


