আমাদের ভারত, ২৭ সেপ্টেম্বর: ভবানীপুরে বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রচারে ব্যাপক অশান্তির ঘটনা ঘটে। রীতিমত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তার দিকে একদল লোক তেড়ে যায়। নিরাপত্তারক্ষীরা শেষ পর্যন্ত পিস্তল বের করে অবস্থা সামাল দেয়। কিন্তু কেন ও কিভাবে এই গন্ডোগোল হল তার ব্যখ্যা চেয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। সোমবার বিকেলের মধ্যে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়।
কেন এই অশান্তি হল এবং কোন পরিস্থিতিতে দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীকে সার্ভিস পিস্তল উঁচিয়ে ধরতে হলো সে বিষয়ে রাজ্যের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। আগামী বৃহস্পতিবার ভবানীপুরে উপনির্বাচন। তার আগে সোমবার ছিল সেখানে প্রচারের শেষ দিন। ফলে সোমবার ভবানীপুর নির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের হয়ে প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ। কিন্তু যদুবাবুর বাজারে তার মিছিল ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতা কর্মী ও সমর্থকরা। বিজেপি তৃণমূল সমর্থকদের মধ্যে তুমুল ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কির মধ্যে পড়ে গিয়ে এক বিজেপি কর্মীর মাথা ফেটে যায়। এমনককি বার বার দিলীপ ঘোষের দিকে তেড়ে যায়। বিজেপির অভিযোগ কমিশনের অনুমতি নিয়ে শেষদিনের ভোট প্রচারে গিয়েছিলেন তারা। কিন্তু একেবারে পরিকল্পনা করেই দিলীপবাবু সহ তাদের সমর্থকদের উপর চড়াও হয়েছে তৃণমূলের কর্মীরা। অন্যদিকে তৃণমূলের তরফে পাল্টা অভিযোগ করা হয়েছে দিলীপ ঘোষের সরকারি দেহরক্ষী পিস্তল উঁচিয়ে তৃণমূলের এক মহিলা সমর্থক কে হুমকি দিয়েছিল।

