ফের পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি, মনোনয়নপত্র জমা দিতে পারল না বিরোধীরা

আশিস মণ্ডল, রামপুরহাট, ১০ ডিসেম্বর : গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করার প্রতিশ্রুতি দিলেও স্কুল পরিচালন সমিতির নির্বাচনে বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে না দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি ঘটল বীরভূমের পাইকার থানার কলহপুর গ্রামে।

জানা গিয়েছে, মুরারই ২ নম্বর ব্লকের কলহপুর হাজি মহম্মদ কোরবান হোসেন হাইমাদ্রাসায় ৬ টি আসনের জন্য শুক্রবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। সেই মতো এদিন বামফ্রন্টের পক্ষ থেকে ৬ জন প্রার্থী এবং তাদের প্রস্তাবক-সমর্থকরা যাচ্ছিলেন স্কুলে। শাসক দলের ব্লক সভাপতি এবং পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে লোকজন আগেই ছড়িয়ে ছিটিয়ে ছিল। বাম প্রার্থীদের দেখে তারা স্কুলের ২০০ মিটারের মধ্যে পথ আটকায়। শুরু হয় ধস্তাধস্তি। এক বাম সমর্থকের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে শাসক দলের লোকজন। শেষ পর্যন্ত মনোনয়ন পত্র জমা না দিয়েই ফিরতে হয় বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী ও সমর্থকদের।

সিপিএমের মুরারই ২ নম্বর ব্লক নেতা নুরুল ইসলাম বলেন, “অনুব্রত মণ্ডল পঞ্চায়েত নির্বাচন না করানোর জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। তাদের ভুল হয়েছিল বলে স্বীকার করে সমস্ত নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি শুধু যে কথার কথা সেটা এদিন বুঝতে পারলাম। এই সরকার কোনও নির্বাচন করতে দেবে না। আমরা মানুষের কাছে গিয়ে শাসক দলের প্রহসনের কথা বলব।”

তৃণমূলের ব্লক সভাপতি আফতাব উদ্দিন মল্লিক বলেন, “বিরোধীরা মিথ্যা কথা বলছে। ওরা মনোনয়ন জমা দিতেই আসেনি। আমরা কাউকে বাধা দিইনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *