আমাদের ভারত, ২৯ সেপ্টেম্বর:
আগামী ২ অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তীর আগেই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। আর তা না করা হলে জল সমাধির মাধ্যমে মৃত্যুবরণ করবেন তিনি। এমনই হুমকি দিলেন জগৎগুরু পরমহংস আচার্য মহারাজ। একই সঙ্গে তিনি দেশের মুসলিম ও খ্রিস্টানদের নাগরিকত্ব বাতিল করার দাবিও করেছেন।
বুধবার অযোধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন পরমহংস আচার্য মহারাজ। তিনি বলেন, “২ অক্টোবরের মধ্যে ভারতবর্ষকে হিন্দুরাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবি জানাচ্ছি। তা না হলে আমি সরযু নদীতে জল সমাধি গ্রহণ করব।”
তবে ভারতবর্ষকে শুধু হিন্দুরাষ্ট্র ঘোষণা করাই নয়, তাঁর আরও একটি দাবি রয়েছে। তিনি বলেন, কেন্দ্রের উচিত দেশের মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকত্ব বাতিল করে দেওয়া।
জানা গেছে এর আগেও এই একই দাবিতে ধর্মগুরুর টানা ১৫ দিন অনশন করেছিলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আশ্বাসে তিনি অনশন ভাঙেন।

