আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ মে: মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের উদ্যোগে লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে মহাবিদ্যালয় সংলগ্ন শাঁকোটি গ্রামে দুঃস্থ মানুষদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি করোনা সচেতনতা বিষয়ে প্রচার করা হয়। দুপুরে শালবনি ব্লকের গোয়ালডিহি এলাকার বুড়িশোল গ্রাম এবং গোদাপিয়াশাল এলাকার কৃষ্ণনগর ও চৈতা গ্রামের দুঃস্থ অসহায় মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয় ও করোনা সচেতনতা বিষয়ে প্রচার করা হয়।

কলেজ প্রশাসনের পক্ষে মিঠুন বারিক জানান, মেদিনীপুর শহর থেকে মাত্র ১০-১২ কিলোমিটারের মধ্যে অবস্থিত বুড়িশোল গ্রামে দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী ৭০টি পরিবারকে তাঁরা খাদ্য সামগ্রী দিয়ে সাধ্যমত সাহায্য করেছেন।


