পাউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের উদ্যোগে ত্রাণ শিবির

আমাদের ভারত, মেদিনীপুর, ৭ জুন: ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাউশী অন্ত্যোদয় অনাথ আশ্রম দীর্ঘ ১৩ দিন ধরে খেজুরি ও মন্দারমণি উপকূলবর্তী এলাকায় যস দুর্গত মানুষদের জন্য দুবেলা রান্না করা খাবার পৌঁছে দেওয়ার কাজে ব্রতী হয়েছে। খেজুরির ধোবাঘাটা বামনচক, অরকবারি থানাবেড়া ও আলিপুর বাজার এলাকায় প্রায় ১২০০ জন দুর্গত মানুষকে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। একইভাবে আশ্রম পরিচালিত মান্দারমণি ইউনিট থেকে পাশাপাশি চারটি গ্রামের প্রায় ১২০০ জন মানুষকে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। বিভিন্ন সমাজসেবী সংগঠন তাদের যথাসাধ্য ত্রাণ সামগ্রী নিয়ে আশ্রমের পাশে দাঁড়িয়েছে এবং সর্বতোভাবে সাহায্য করছে।

আশ্রমের সম্পাদক বলরাম করণ বলেন, আমরা প্রচুর সংগঠন ও ব্যক্তিগত মানুষের সাহায্য পাচ্ছি। এই রসদ নিয়ে আমরা আগামী দিনে আরও এগিয়ে যেতে পারবো এই আশা করি। সেই সঙ্গে বিভিন্ন সংগঠন আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে ত্রিপল, শুকনো খাবার সরাসরি দুর্গত মানুষদের হাতে তুলে দিচ্ছে। স্থানীয় প্রশাসন যথাসাধ্য চেষ্টা করছে। তাছাড়া স্থানীয় বিডিও ব্যক্তিগত উদ্যোগে আমাদের আশ্রমের সাহায্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। প্রাক্তন মৎস্য মন্ত্রী শ্রী কিরণময় নন্দ ও বর্তমান মৎস্য মন্ত্রী শ্রী অখিল গিরি আশ্রম পরিচালিত মন্দারমণি ইউনিটে উপস্থিত হয়ে এই ত্রাণ সামগ্রী বন্টনে সহায়তা করেন। শ্রী অখিল গিরি আশ্রমের এই ধরনের দীর্ঘদিন ধরে চলা ত্রাণ বিতরণের কাজকে প্রশংসিত করেন। প্রাক্তন মৎস্য মন্ত্রী দীর্ঘদিন ধরে এইকাজ চলার খবর পেয়ে তিনি বলরামের আশ্রমে পৌঁছে যান এবং এই কাজকে সাধুবাদ জানান। আগামী দিনে এই ভাবে যাতে এগিয়ে যায় তার জন্য আশা করেন এবং সকলের মঙ্গল কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *