প্রেমে প্রত্যাখ্যান, ভাঙড়ে কিশোরীকে ধারাল অস্ত্রের কোপ

আমাদের ভারত, ভাঙড়, ১০ সেপ্টেম্বর: প্রেমে প্রত্যাখাত হয়ে এক কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক কোপাল এক যুবক। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার ভাঙড়ের কাশিপুর থানার অন্তর্গত পূর্ব কাঁঠালিয়া গ্রামে। ঘটনায় গুরুতর জখম ঐ কিশোরীকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে নলমুড়ি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাঁকে কলকাতার ন্যাশানাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করেন। এই ঘটনায় অভিযুক্ত আশফাক মোল্লাকে গ্রেফতার করেছে কাশিপুর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ভাঙড়ের পূর্ব কাঁঠালিয়া গ্রামের এক নাবালিকার সঙ্গে বছর দুই ধরে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে কাশিপুরের আশফাকের। ছয় মাস আগে থেকে সেই সম্পর্কে চিড় ধরলে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার অভিসন্ধিতে বুধবার মদ্যপ অবস্থায় প্রেমিকার বাড়ি গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করার চেষ্ঠা করে সে। নাবালিকা ও তার বোনের চিৎকার চেঁচামেচিতে লোক জড়ো হতে থাকলে এলাকা ছাড়া হওয়ার চেষ্টা করে যুবক।
বাড়িতে এদিন নাবালিকার মা, বাবা কেউ না থাকায় সুযোগ বুঝে এমন ঘটনা ঘটিয়েছে বলে এলাকা সূত্রের খবর। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছয় কাশিপুর থানার পুলিশ। তদন্তে নেমে মদ্যপ অবস্থায় ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নিজের দোষ স্বীকার করে নিয়ে পুলিশের কাছেই আত্মসমর্পণ করতে আসছিলো বলে জানান অভিযুক্ত যুবক। তবে নিজের ক্রিয়াকর্মের জন্য আদৌ অনুতপ্ত নয় সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *