পঞ্চায়েতের প্রার্থী মনোনয়ন নিয়ে তুমুল গোষ্ঠী কোন্দল হিলিতে, দলের কাজকর্ম থেকে অব্যাহতি চেয়ে ব্লক সভাপতিকে চিঠি দিল অঞ্চল তৃণমূল সভাপতি

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৬ মে: নির্বাচনী নির্ঘন্ট না প্রকাশ হতেই প্রার্থী মনোনয়ন নিয়ে তুমুল গোষ্ঠী কোন্দল হিলিতে। দলের কাজকর্ম থেকে অব্যাহতি চেয়ে ব্লক তৃণমূল সভাপতিকে চিঠি অঞ্চল সভাপতির। ঘটনাকে ঘিরে তুমুল শোরগোল দক্ষিণ দিনাজপুরে। দলীয় কোন্দলের কথা স্বীকার না করলেও দলের কাজকর্ম থেকে অব্যাহতি চেয়ে ব্লক সভাপতিকে চিঠি দেবার কথা স্বীকার করে নিয়েছেন হিলির ধলপাড়া অঞ্চল তৃণমূল সভাপতি উজ্জ্বল মন্ডল। যদিও বিষয়টি দলীয় কাজিয়া নয়, পারিবারিক সমস্যা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন অঞ্চল সভাপতি বলে দাবি করেছেন ব্লক তৃণমূল সভাপতি মিহির সরকার।

রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ না হলেও দক্ষিণ দিনাজপুরের বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলি ব্লকে যেন ইতিমধ্যেই বেজে গিয়েছে নির্বাচনী দামামা। বিরোধী শিবিরে এব্যাপারে তেমন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য না করা গেলেও, শাসক শিবির যেন পুরোদমে প্রস্তুত। তারই মাঝে অভিষেকের নব জোয়ার কর্মসূচি যেন আরো বাড়তি মাত্রা জুগিয়েছে ঘাসফুল শিবিরে। আর যাকে ঘিরেই হিলিতে কার্যত প্রকট হয়ে উঠেছে তৃণমূলের দলীয় কাজিয়া। সাংগঠনিক দক্ষতা বিচার করে ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান উজ্জ্বল মন্ডলকে বেশকিছুদিন আগে ওই অঞ্চলের সভাপতির দায়িত্ব দেয় তৃণমূল। যিনি প্রাক্তন মহিলা নেত্রী প্রদীপ্তা চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবেই পরিচিতি লাভ করে এলাকায়। দলের বহুদিনের পুরনো কর্মীর পাশাপাশি সাংগঠনিক দক্ষতাও তার অনেক বেশি থাকায় এবারে পঞ্চায়েত নির্বাচনে জেলাপরিষদের প্রার্থী হবার ক্ষেত্রে তার পাল্লাই বেশি ভারি ছিল। কিন্তু দণ্ডিকাটা কান্ডের জেরে মহিলা নেত্রীর ক্ষমতা ক্রমশঃ তলানিতে চলে যেতেই দলের ভিতরে কার্যত চাপে পড়ে যান অঞ্চল সভাপতি বলে দলীয় সূত্রের খবর। যার সুযোগ নিয়ে মাথাচাড়া দিয়ে ওঠে অপর গোষ্ঠী। যাদের রাজনৈতিক দূরদর্শিতা একপ্রকার শূন্য থাকলেও বর্তমানে দলের লবিবাজিতে তারাই প্রধান্য পেতে থাকে।

বিগত বেশ কয়েকদিন আগে গঙ্গারামপুর স্টেডিয়ামে আয়োজিত অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে অপর গোষ্ঠীর লোকেরা প্রাধান্য পেতেই দলের প্রতি আস্থা হারান প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা অঞ্চল সভাপতি উজ্জ্বল মন্ডল বলে দলীয় সূত্রের খবর। আর এরপরেই দলের যাবতীয় কাজকর্ম থেকে অব্যাহতি নেবার সিদ্ধান্ত নেন তিনি। যা একটি লিখিত আকারেও জানিয়েছেন ব্লক সভাপতিকে বলে দলীয় সূত্রের খবর। যাকে ঘিরেই হিলিতে একপ্রকার প্রকাশ্যে আসেছে তৃণমূলের গোষ্ঠীবাজি। নির্বাচনের দিন ঘনিয়ে আসবার সাথে সাথে যা আরো বড় মাত্রা পাবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। যদিও পারিবারিক সমস্যার কারণেই অঞ্চল সভাপতির এই সিদ্ধান্ত বলে দাবি করেছেন ব্লক তৃণমূল সভাপতি।

ধলপাড়া অঞ্চল তৃণমূল সভাপতি উজ্জ্বল মন্ডল বলেন, পদত্যাগ নয়, দলের কাজকর্ম থেকে অব্যাহতি চেয়ে একটি চিঠি দিয়েছেন ব্লক সভাপতিকে। পারিবারিক বেশকিছু সমস্যা রয়েছে তার।

হিলি ব্লক তৃণমূল সভাপতি মিহির সরকার বলেন, এই ধরণের কোনো ঘটনা নয়। পারিবারিক একটি দুর্ঘটনার কারণেই কিছুটা সরে দাঁড়িয়েছেন তিনি। আপাতত ১১ জনের একটি কমিটি করে দল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই অঞ্চলে। যে কমিটিতে তাকেও রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *