স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ নভেম্বর: ঘর থেকে দম্পতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের টেপাগাঁও এলাকায়। মৃত ওই দম্পতির নাম নান্টু রায় (২৫) ও সোমা রায় (২০)।
নান্টুর দাদা মন্টু রায় জানান, অনেক ডাকাডাকির পরেও কোনো সাড়া মেলেনি। এরপর ঘরে তাদের সন্তানের কান্নার শব্দ শুনতে পায় পরিবারের সদস্যরা। পরে জানলা খুলে দেখা যায়, নান্টুর দেহ ঝুলে রয়েছে অপরদিকে সোমার দেহ বিছানায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করেন। তবে কি কারণে এই ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশায় নান্টুর পরিবার। খবর দেওয়া হয় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশকে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। তবে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছে ওই ব্যক্তি নাকি দুজনে মিলে আত্মহত্যা করেছে তা তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতার ঠাকুরমা জ্যোৎস্না হালদারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঐ দম্পতির মধ্যে অশান্তি চলছিল। অনেক বার মেয়েকে নিয়ে বাড়িও চলে এসেছেন তারা। কিন্তু তারপরেও অশান্তি থামেনি। এই অশান্তির জেরেই সোমাকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছে নান্টু এমনটাই অভিযোগ মৃতার ঠাকুমার।

