সাথী দাস, পুরুলিয়া, ৪ মে: করোনা আবহের পর রেকর্ড সংখ্যক দর্শনার্থী হাজির হলেন পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে। আজ ২৭৮৯ জন টিকিট কেটে প্রবেশ করলেন। যা করোনা আবহের পর সর্বোচ্চ বলে বিজ্ঞান কেন্দ্র সূত্রে জানা গিয়েছে। গতকালের সংখ্যাও উল্লেখযোগ্য বলে জানান জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুব জ্যোতি চট্টোপাধ্যায়।

মঙ্গলবার, ২১৫৯ জন দর্শনার্থী হাজির হয়ে বিভিন্ন গ্যালারি প্রদর্শন করেন। তাৎপর্যপূর্ণভাবে ওই সংখ্যার বেশির ভাগই যুব সমাজের। যদিও এঁদের কেউ কেউ স্কুল ছুট, মা বাবার অক্ষমতার কারণে সংসারের হাল টেনে নিয়ে যেতে উপার্জনের রাস্তায় নেমেছে। তবুও বেড়ানোর প্রচুর জায়গা থাকতে জেলা বিজ্ঞান কেন্দ্রে কেন? এর উত্তরে ওদের তাৎক্ষণিক জবাব, “এখানে মজার বিজ্ঞান গ্যালারি রয়েছে। আর রয়েছে বলেই নিজের জেলাকে বিভিন্ন বিষয়ের ভিত্তিতে জানা চেনার উপায়। এছাড়া ডায়নোসর পার্ক। বিভিন্ন ধরনের লুপ্ত হওয়া প্রাণী। এটা জানতেই এখানে আসা।”
গত কয়েক বছরে জেলা বিজ্ঞান কেন্দ্রে দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে। বিজ্ঞানের টানে এখানে বাড়ির ছোট্ট সন্তানকে হাতে ধরে এসেছেন অভিভাবকরা। একই সঙ্গে ছুটিতে সহপাঠীদের সঙ্গে স্কুল পড়ুয়ারা পাঠ্য সূচির বাইরের কৌতূহল মেটাতে এই কেন্দ্রে আসে। নিজেদের উদ্ভাবনী শক্তির বর্হিপ্রকাশ করার সুযোগকে কাজে লাগাতেও উৎসাহী শিক্ষার্থীরা এই কেন্দ্রে নিয়মিত আসে। বলা যেতেই পারে ভাবী বিজ্ঞানী ও গবেষকদের আঁতুরঘর হয়ে উঠেছে এশিয়ার প্রথম এই জেলা বিজ্ঞান কেন্দ্র।

