সাথী দাস, পুরুলিয়া, ২২ আগস্ট: দামোদর ভ্যালি কর্পোরেশন আজ মহীরূহ। লাভ দায়ক এই সংস্থা সামাজিক উন্নয়নে বদ্ধ পরিকর। একই সঙ্গে সংস্থায় কর্মরত মানুষ ও পরিবারের স্বার্থের কথা ভাবে। আধিকারিক ও কর্মচারীদের কাজের প্রতি নিষ্ঠাই আজ বিদ্যুত উৎপাদনকারী সংস্থাকে লাভ দায়ক প্রতিষ্ঠানে পরিণত করেছে। আর তাই গত আর্থিক বছরে রেকর্ড পরিমাণ আয় করল দামোদর ভ্যালি কর্পোরেশন। আজ পুরুলিয়ার রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনের কর্মীদের জন্য আবাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসে উচ্ছ্বাস প্রকাশ করে এই কথা জানান সংস্থার চেয়ারম্যান রাম নরেশ সিং। তিনি জানান, গত আর্থিক বছরে ১ হাজার কোটি টাকা আয় হয়েছে যা রেকর্ড।

কেন্দ্রের লাগোয়া এলাকায় ৮২ কোটি টাকায় গড়ে তোলা হবে চারটি বহুতল আবাসন, হাসপাতাল, স্কুল এবং একটি অডিটরিয়াম। ১৮ মাসের নির্ধারিত সময় সীমার আগেই কাজ শেষ করে ডিভিসির হাতে তুলে দিতে পারবে বলে আশ্বাস নির্মাণকারী সংস্থার চিফ ম্যানেজিং ডিরেক্টর সুন্দরা নন্দ বর্মনের।


