আমাদের ভারত, ১৯ মে:করোনার বিরুদ্ধে তীব্র লড়াই চালাচ্ছে ভারতবর্ষ। আর এই লড়াইয়ে এবার নতুন মাইলস্টোন ছুঁলো দেশ। একদিনে ২০ লক্ষেরও বেশি করোনা পরীক্ষা করে বিশ্বরেকর্ড তৈরি করলো ভারত। বিশেষজ্ঞরা বার বার বলে আসছেন যত বেশি টেস্ট হবে ততবেশি রোগিকে তাড়াতাড়ি আইশোলেট করে সংক্রমণ রোধ করা সম্ভব হবে।
স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয় গত ২৪ ঘন্টার মধ্যে দেশে ২০ লক্ষ ৮ হাজার করোনা পরীক্ষা হয়েছে, যা বিশ্বরেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী যবে থেকে অতিমারী শুরু হয়েছে তবে থেকে এখনো পর্যন্ত দেশে ৩২ কোটিরও বেশি করোনা পরীক্ষা হয়েছে।
গত ২৪ ঘন্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ৩ লক্ষ ৮৯ হাজার ১০১ জন। সমগ্র দেশে এখনো পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ২ কোটি ১৯ লক্ষ ৮৬ হাজার ৩৬৩ জন। দেশের মধ্যে যে দশটি রাজ্যে করোনা সংক্রমণ কমতে শুরু করেছে সেগুলি হল, কর্ণাটক, মহারাষ্ট্র, কেরল, রাজস্থান, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, হরিয়ানা ও চন্ডিগড়।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৪। তবে গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যাও রেকর্ড গড়েছে। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৫২৮ জনের। দেশে মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৮৩ হাজার ২৪৮ জনের।

