মামুদের ভেঙ্গে দেওয়া মহিকালী মন্দিরের পুনর্নিমান, ৫০০ বছর পর মন্দিরের চূড়ার পতাকা ওড়ালেন মোদী

আমাদের ভারত, ১৮ জুন: গুজরাটে নবনির্মিত মহাকালীর মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় পাঁচশো বছর আগে সুলতান মামুদ ধ্বংস করেছিলেন এই মন্দিরটি। তার ওপর তৈরি হয়েছিল দরগা। এবার আবার সেখানে মহাকালী মন্দিরটি নির্মিত হয়েছে। ওই মন্দিরের চূড়াতে ধর্মীয় পতাকা ওড়ালেন প্রধানমন্ত্রী।

রাজ্যের পাভাগড় পর্বতের উপরে অবস্থিত একাদশ শতকের এই মন্দিরটি ভেঙ্গে এর উপরে দরগা তৈরি হয়েছিল। সম্প্রতি সেই দরগার পরিবর্তে ফের তৈরি হয়েছে মন্দির। শনিবার এই মন্দিরটির উদ্বোধন করলেন মোদী। মোদী বলেন, মন্দিরের চূড়ার এই পতাকা কেবল আধ্যাত্বিকতার প্রতীক মাত্র নয় বরং এই পতাকা বুঝিয়ে দেয় শতকের পর শতক বেরিয়ে এসেও আমাদের বিশ্বাসে কোন ফাটল ধরেনি।

মোদী বলেন, ভারতের বিশ্বাস ও আধ্যাত্মিক গৌরব পুনঃস্থাপিত হয়েছে। তার কথায় “আপনারা দেখেছেন অযোধ্যায় রাম মন্দির নির্মিত হয়েছে, কাশী বিশ্বনাথ মন্দির চত্বর নতুন করে তৈরি করা হয়েছে, একইভাবে কেদারনাথ মন্দিরও নির্মিত হয়েছে।”

শুক্রবার দুদিনের জন্য গুজরাট সফরে গেছেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে গান্ধীনগরে মা হীরাবেনের বাড়িতে যান মোদী। মায়ের শততম জন্মদিন তার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলো তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে মা হীরাবেনের পা ধুয়ে দিচ্ছেন তিনি। নিচ্ছেন মায়ের আশীর্বাদ।

এদিন হীরাবেনের জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে আমেদাবাদের জগন্নাথ মন্দিরের সাধারণ মানুষকে খাওয়ানোর বন্দোবস্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *