বেপরোয়া ট্রাক গুঁড়িয়ে দিল দুটি ভ্যান ও একটি সাইকেল, বনগাঁয় আহত ৭

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২০ জুলাই: বেপরোয়া ট্রাকের ধাক্কায় গুঁড়িয়ে গেল দুটি ইঞ্জিন ভ্যান সহ একটি সাইকেল। আহত কমপক্ষে সাত জন। বুধবার সাতসকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার শিকদারপল্লী যশোর রোডে।

স্থানীয় সূত্রের খবর, এদিন সকাল ন’টা নাগাদ বারাসতের দিক থেকে বনগাঁর দিকে যাচ্ছিল একটি মাছ বহনকারী বোলেরো পিকআপ ভ্যান। অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি প্রথম একটি সাইকেল আরোহীকে ধাক্কা মারে, এরপর রাস্তার পাশে থাকা দুটি ইঞ্জিন ভ্যানে গিয়ে সজোরে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়। পিকআপ ভ্যানটির পাশাপাশি একটি ভ্যান ও সাইকেলও নয়ানজুলিতে পড়ে যায়। এরপর স্থানীয়রা ছুটে এসে গাড়ির মধ্যে থেকে ট্রাক চালক সহ চারজনকে উদ্ধার করে। আহত পাঁচ জনকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় এক ভ্যান চালক ও সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদের বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দারদের অভিযোগ, অতিরিক্ত গতির কারণে যশোর রোডের উপর ঘটছে ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনার খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ ও বনগাঁ দমকল বাহিনী ঘটনাস্থলে যায়। ক্ষতিগ্রস্ত পিকআপ ভ্যান, সাইকেল ও ভ্যানটিকে উদ্ধার করেছে বনগাঁ থানার পুলিশ। এই ঘটনায় কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হয় বনগাঁর যশোর রোডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *