বেপরোয়া গাড়ি চালকের হাতে প্রাণ গেল স্কুলপড়ুয়ার, রানাঘাটে লরিতে আগুন ধরাল গ্রামবাসী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া ১৫ মার্চ: বেপরোয়া গাড়ি চালকের হাতে প্রাণ গেল এক স্কুল পড়ুয়ার। রানাঘাট ২ নম্বর ব্লকের আইসমালি গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

সূত্রের খবর, আজ সকাল ৭.১৫টা নাগাদ আইসমালি বেলেআঁটিপাড়া গ্রামের আরিফুল মন্ডলের ছেলে মজিদ মন্ডল আইশমালি ইউনাইটেড একাডেমী প্রাইমারি স্কুলে যাচ্ছিল। ওই স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল মজিদ। সেই সময় আইসমালি মিল থেকে আটা বোঝাই একটি লরি ওই রাস্তা দিয়ে বেপরোয়াভাবে আসছিল। গাড়ির গতি বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি মজিদকে পিষ্ট করে চলে যায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি এ ঘটনা আগেও ঘটেছে কিন্তু প্রশাসন নির্বিকার। উত্তেজিত গ্রামবাসী আটা বোঝাই লরিতে আগুন ধরিয়ে দেয়। গাংনাপুর থানার পুলিশ এসে মজিদের মৃতদেহ থানায় নিয়ে যায়। পুলিশ উত্তেজিত গ্রামবাসীকে ঠান্ডা করার চেষ্টা করলে গ্রামবাসী দোষীর শাস্তি দাবি করে। আগুন নেভাতে চলে আসে রানাঘাট থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি। এমত অবস্থায় এলাকায় উত্তেজনা রয়েছে, এলাকার মানুষ ঘাতক চালকের শাস্তি দাবি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *