জয় লাহা, দুর্গাপুর, ৪ জুলাই: বেপরোয়া যাত্রীবাহি বাস ধাক্কা মারলো দাঁড়িয়ে থাকা মারুতি ও টোটোতে। ঘটনায় আহত হয়েছে এক মহিলা। বরাত জোরে প্রাণে বাঁচে রাস্তার পাশের পথচলতি মানুষ। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে, বুদবুদের মানকর রোডে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
ঘটনায় জানাগেছে, এদিন বিকেলে কাটোয়া বেনাচিতি গামী ওই যাত্রীবাহি বাসটি বেপরোয়া গতিতে বুদবুদে ঢুকছিল। ওইসময় মানকর রোডে একটি নার্সিং হোমের কাছে দাঁড়িয়ে থাকা মারুতির পাশে ধাক্কা মারে। তার পর আবারও রোগী নিয়ে আসা একটি টোটোতে ধাক্কা মারে। বাসের ধাক্কায় মারুতির পিছনের কিছুটা অংশ দুমড়ে মুচড়ে যায়। টোটো গাড়িটিও দুমড়ে মুচড়ে যায়। টোটো চালক ঝাঁপিয়ে বাঁচলেও, টোটোতে থাকা এক বৃদ্ধা মহিলা জখম হয়। তৎক্ষনাৎ তাকে নার্সিং হোমে নিয়ে গিয়ে চিকিৎসা করনো হয়।
এদিকে খবর চাউর হতেই আশপাশের লোকজন ছুটে আসে। ফলে উত্তেজনার সৃষ্টি হয়। বাসিন্দাদের দাবি, বুদবুদের মানকর রোড ক্যানেলপাড় গুরুত্বপূর্ণ সংযোগস্থল। যার দুদিকে দুটি রাস্তা চলে গেছে। একটি স্কুলও রয়েছে। গুরত্বপূর্ণ জায়গা হলেও রাস্তাটি নতুন করে তৈরীর পর কোনোরকম স্পিড ব্রেকার না থাকায় বেপরোয়া গতিতে বাস, লরি, ডাম্পার যাতায়াত করে। প্রায়ই দুর্ঘটনা হয়। স্কুলের সময় খুব ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থাকে। তাই অবশ্যই ওই জায়গায় স্পিড ব্রেকার ও ট্রাফিক থাকা দরকার।”
এদিকে দুর্ঘটনার পরই বাসটিকে দাঁড় করিয়ে চম্পট দেয় বাসচালক। তবে খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ গিয়ে বাসটিকে আটক করে থানায় নিয়ে যায় এবং ক্যানেলপাড় সংযোগস্থলে স্পিড ব্রেকার বসিয়ে দেয়।

