জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুন: করোনা মহামারীর সময় পড়াশোনার পাশাপাশি সংসারের আর্থিকভার কাঁধে তুলে নিতে পিড়াকাটা এলাকার পিনড্রাসুলি গ্রামের সৌরভ মাহাতো মেদিনীপুর শহরের খয়রুল্লা চকে একটি মোটর গ্যারেজে কাজ নিয়েছিলেন। গ্যারেজে কাজ করার সময় পড়াশোনা করে এবছর কলা বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সৌরভ। পরীক্ষায় সে ৭২ শতাংশ নাম্বার পেয়েছে। তার প্রাপ্ত নম্বর ৩৭২।
জেলার একটি সামাজিক সংস্থা এমারজেন্সি ব্লাড ফাউন্ডেশন আজ তাঁকে সংবর্ধনা জানিয়েছে। বিকেলে সংস্থার সভাপতি রাহুল কোলে, সম্পাদক শুভনীল সাহু সহ সৌমেন হেলানী, কার্তিক মাইতিরা সংবর্ধণা জানান তাকে। আগামীদিনে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য সাহায্য করার আশ্বাস দেন।

এদিনই সংস্থার কার্য কর্তারা মেদিনীপুর শহরের কালগাং মালিয়াড়াতে গিয়ে সেখানকার বিজ্ঞান বিভাগের দুঃস্থ ও মেধাবী ছাত্রী অর্পিতা দাসকে বিজ্ঞান বিভাগের সমস্ত বই দিয়ে আসেন।

