ক্যাবিনেট মন্ত্রীর পরিবারেই বিদ্রোহ, দল ছাড়লেন ফিরহাদ জামাতা

রাজেন রায়, কলকাতা, ৭ মার্চ: পরিবারের অন্যতম সদস্য ক্যাবিনেট মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু এবার বিদ্রোহের সুর ভেসে এল তার পরিবার থেকেই। দলের জন্য অক্লান্ত পরিশ্রম করার পরেও তিনি টিকিট পাননি বলে দাবি করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির। আর সেই দুঃখে এবার দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন তিনি।

প্রার্থী নির্বাচন নিয়ে তৃণমূলকে নিশানা করে ফিরহাদ হাকিমের জামাতা ইয়াসির হায়দার তাঁর ফেসবুক পোস্টে জানিয়ে দিলেন, তিনি আর তৃণমূলের সঙ্গে জড়িত নন। এবার তাঁর পরিচয় শুধুমাত্র ‘গর্বিত সমাজসেবী’।

ফিরহাদ হাকিমের জামাতা ইয়াসির হায়দর এদিন ফেসবুকে একটি পোস্ট করেছেন ইংরেজিতে। যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, “কয়েক বছর আগে একজন বুদ্ধিমান মানুষ আমাকে বলেছিলেন যে, তারকা বা বিখ্যাত কেউ হলে সহজেই টিকিট (ভোটের) পাওয়া যায়। তখন ওঁর কথা গুরুত্ব দিয়ে শোনা উচিত ছিল আমার। যাঁরা ৩৬৫ দিনের ২৪ ঘণ্টা দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে যান, দিনের শেষে তাঁরা উপেক্ষিতই থেকে যান।” পোস্টে হ্যাশট্যাগ দিয়ে তিনি আরও লেখেন, এটাই কঠিন বাস্তব। এতেই থামেননি ইয়াসির। লিখেছেন, তামাশা চলছেই। তারপরেই শনিবার বারবেলায় এক দীর্ঘ পোস্টে তিনি লিখলেন তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন তিনি।

ইয়াসিনের ফেসবুক পোস্ট থেকেই স্পষ্ট যে তিনি এবারের ভোটে উলুবেড়িয়া থেকে প্রার্থী হওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন। কিন্তু তা না হওয়াতেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূলকে নিশানা করলেন তিনি। তবে এ নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি মন্ত্রী ফিরহাদ হাকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *