স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৬ মার্চ: দীর্ঘ প্রতীক্ষার অবসানে এবার মেডিক্যাল পড়ুয়াদের পঠন পাঠন শুরু হল রায়গঞ্জের আব্দুল ঘাটায় অবস্থিত মেডিক্যাল কলেজের নবনির্মিত ভবনে। বুধবার মেডিক্যাল কলেজের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরবঙ্গের বিশেষ দ্বায়িত্ব প্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক সুশান্ত রায়। পাশাপাশি প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ উৎসব ও অনুষ্ঠিত হয় এদিন।
সুশান্তবাবু বলেন, আজ থেকে প্রথম বর্ষের পড়ুয়াদের পঠন পাঠনের কাজ শুরু হল নতুন ভবনে। সকলের সহযোগিতায় আগামী দিনে আরো সুযোগ সুবিধা বাড়ানো হবে। উল্লেখ্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এখনো অনেক কাজ বাকী রয়েছে।

কলেজে আসার রাস্তার অবস্থাও অত্যন্ত বেহাল। এপ্রসঙ্গে সুশান্তবাবু বলেন, প্রাথমিক পরিকাঠামো সম্পন্ন করে পঠনপাঠনের কাজ শুরু করা হয়েছে। কোভিডের জন্য এমনিতেই আমরা দুটো বছর পিছিয়ে গিয়েছি। ধীরে ধীরে পুর্নাঙ্গ পরিকাঠামো গড়ে তোলা হবে। তারপর মুখ্যমন্ত্রী নতুন করে এটির উদ্বোধন করবেন। অন্যদিকে কলেজে আসার রাস্তার উন্নয়নের জন্য জেলাশাসকের সাথে কথা হয়েছে। জমি নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত রাস্তা তৈরীর কাজ শুরু করা হবে।

