আমাদের ভারত, জলপাইগুড়ি, ১০ জুলাই: ব্যালট বাক্স লুট, ভাঙ্গচুর এবং জল দিয়ে দেওয়া ও ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায়। নির্বাচন কমিশনের নির্দেশে সেই ১৪টি বুথে ৪০টি আসনে আজ ফের ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে।
নির্বাচন কমিশনের নির্দেশে প্রত্যেক বুথে কড়া নিরাপত্তায় সকাল থেকে ভোট চলছে। তবে সকাল থেকে বৃষ্টি থাকায় ভোট গ্রহণ প্রক্রিয়া সমস্যা হয়। একাধিক ভোট কেন্দ্রে ভোটকর্মীরা দেরিতে পৌঁছয়। এ দিন ছাপ্পা ভোট রুখতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি সব বুথে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ৯ টি, সদর ব্লকের দুটি, মাল ব্লকে একটি, মেটলি ব্লকের একটি ও নাগরাকাটা ব্লকে একটি বুথে ভোট গ্রহণ চলছে।জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপাড়া বুথে ভোটের দিন ব্যালট বাক্স লুটের অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ব্যালট বাক্স পাওয়া যায় জঙ্গলে। এ দিন সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে ভোটাররা দীর্ঘলাইনে দাঁড়িয়ে থেকে ভোটদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় বাহিনীর পর্যাপ্ত জওয়ান মোতায়ন করা হয়েছে বুথে অপ্রীতিকর ঘটনা রুখতে।

অন্যদিকে সদর ব্লকের অবরিন্দ গ্রাম পঞ্চায়েতের একটি বুথে চলছে ভোট। এক ভোটার স্বপন রায় বলেন, “আবার ভোট দিচ্ছি। আমরা চাই শান্তিপূর্ণ ভাবে ভোট হোক।” আরও এক ভোটার কেশব দত্ত বলেন, “বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ভোট দিতে এসেছি। ভোট দিয়ে কাজে যেতে হবে।”

