আমাদের ভারত, ১৭ মে: সপ্তাহের প্রতিদিনই খোলা থাকবে দোকান। একইসঙ্গে দোকানগুলো খোলা রাখার সময়সীমাও বাড়ানো দরকার, যাতে রেশনের মাধ্যমে দরিদ্রের জন্য বরাদ্দ করা ভর্তুকিযুক্ত এবং বিনামূল্যের পণ্য খুব সহজে এবং নিরাপদে মানুষ সংগ্রহ করতে পারেন। রবিবার রাজ্যগুলিকে এই নির্দেশ মতো বিশেষ ব্যবস্থা নিতে বলল কেন্দ্রীয় সরকার।
রবিবার কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের তরফে নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে লকডাউনের কারণে রেশন দোকান খোলা থাকার সময় কমানো হয়েছে। এর ফলে অনেকেই তাদের জন্য বরাদ্দ থাকা খাদ্যপন্য সঠিকভাবে সংগ্রহ করতে পারছে না। বিবৃতিতে বলা হয়েছে, “কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল লকডাউনের ফলে রেশন দোকান খোলা রাখার সময়সীমা কাটছাঁট করতে পারে। তবে যাতে সপ্তাহের প্রতিটি দিন এবং বেশি সময় ধরে দোকানগুলো খোলা রাখা হয় তার ব্যবস্থা নিতে হবে।”
করোনা অতিমারিতে দারিদ্রের জন্য জাতীয় খাদ্য নিরাপত্তা আইনে চাল ও গম জাতীয় খাদ্যপণ্যে ভর্তুকি দিচ্ছে কেন্দ্র। করোনা দূরত্ব বিধি মেনে নাগরিকরা যাতে রেশন দোকানগুলি থেকে তাদের জন্য বরাদ্দ করা জিনিস ঠিকভাবে নিতে পারে তার জন্য ব্যবস্থা নিতে হবে রাজ্যগুলিকে। দোকান খোলার সময়সীমা বাড়াতে হবে। একইসঙ্গে লক্ষ্য রাখতে হবে গরিব মানুষের জন্য বরাদ্দ থাকা পন্য যাতে তারা সঠিকভাবে সংগ্রহ করতে পারেন।

