“দুয়ারে নয় দোকানে রেশন”, গণ-কনভেনশনে অনড় অবস্থান রেশন ডিলারদের

রাজেন রায়, কলকাতা, ১৯ অক্টোবর: বিধানসভা নির্বাচনের সময়ে দুয়ারে রেশন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু লোকবলের অভাবে সেটা যে হওয়ার নয় সে সম্ভাবনা তা আগেই জানান দিয়েছিলেন রেশন ডিলাররা। আজ, মঙ্গলবার জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল রেশন ডিলার্সদের তরফে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজয় সম্মেলন ও গণ কনভেনশনের আয়োজন করা হয়। এখানে তাঁরা নিজেদের দাবির পক্ষে জোরালো সওয়াল তোলেন ‘দুয়ারে নয় দোকানে রেশন’।

আজকের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রচুর রেশন ডিলার। রাজ্য সরকারের তরফে যদি তাঁদের এই দাবি মেনে না নেওয়া হয় তাহলে আগামী দিনে রেশন পরিষেবা থেকে ডিলাররা সরে আসতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল রেশন ডিলার্সের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, “বাংলার রেশন ডিলাররা মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো খাদ্য সাথী পরিচালনা করে এসেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কোভিড আবহে জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ দু-বছর যাবদ রেশন বিলি করে এসেছে কিন্তু আজকে এই দুয়ারে রেশন বলে আমাদের ঘাড়ে যা চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা পরীক্ষা, বিচার, বিশ্লেষণ করে দেখলাম বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়া অর্থাৎ দুয়ারে রেশন বাস্তবায়িত করা আমাদের পক্ষে সম্ভব না।“ 

পাশাপাশি তিনি এও বলেন, “দুয়ারে রেশন কেন্দ্রীয় আইন বহির্ভূত। আর আইন বহির্ভূত ছাড়াও অনেক সমস্যা আছে। উপযুক্ত লোকবল নেই, বাড়িতে দিতে গেলে রেশন মাটিতে পড়ে নষ্ট হয় সেই ঘাটতি মেটানো প্রয়োজন। তাছাড়া দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কীভাবে দুয়ারে দুয়ারে যাওয়া সম্ভব আমাদের পক্ষে? তাই আমরা মুখ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রীর কাছেও আবেদন রেখেছি এই ভাবে চাপ সৃষ্টি করে দুয়ারে রেশনে ঠেলে দেওয়া যাবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *