স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৩ জুন: থার্মাল স্ক্রিনিং, মাস্ক বিলি করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র রথযাত্রা উৎসব পালন করল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর গ্রামপঞ্চায়েতের বাহারাইল জগন্নাথ দেব মন্দির কমিটি। জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথের রশি টেনে রথযাত্রার শুভ সূচনা করলেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল সভাপতি গৌতম পাল। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলাপরিষদের কর্মাধ্যক্ষ পম্পা পাল।
করোনা আবহের মাঝেই হিন্দু ধর্মের এই মহান উৎসবে মানুষের ভাবাবেগকে মাথায় রেখে সামান্য দূরত্বে রথের দড়ি টানলেন গ্রামের পূন্যার্থীরা।পবিত্র রথযাত্রা উপলক্ষ্যে জেলাবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন যুব তৃণমূল সভাপতি গৌতম পাল। হিন্দু ধর্মের অন্যতম সেরা উৎসব রথযাত্রা। রথযাত্রা বের করা নিয়ে বিধিনিষেধ থাকায় রথ নিয়ে পরিক্রমা সেভাবে না করে মন্দিরেই পুজো যজ্ঞ করে মানুষের ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে সামান্য দূরত্বে রথযাত্রা উৎসব পালন করলেন হেমতাবাদ ব্লকের বাহারাইল জগন্নাথ দেবের মন্দির কমিটি।

মন্দির কমিটির অন্যতম পৃষ্ঠপোষক তথা জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল নিজে দাঁড়িয়ে থেকে আগত পূন্যার্থীদের থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজিং করে তাদের হাতে মাস্ক তুলে দেন। মাস্ক পরেই অনেক পূন্যার্থী রথযাত্রায় শামিল হন। তবে রথের দড়ি টানতে গিয়ে কিছুটা হলেও সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি। তৃণমূল যুব সভাপতি গৌতম পাল বলেন, আজকের এই রথযাত্রা উৎসবে আগত সমস্ত পূন্যার্থীদের স্যানিটাইজিং ও থার্মাল স্ক্রিনিং করে তাদের মাস্ক দেওয়া হয়েছে। করোনা আবহের মাঝে হেমতাবাদের বাহারাইলের রথযাত্রা উৎসবকে ঘিরে পূন্যার্থীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

