স্বাধীন ভারতে বিরল ঘটনা ঝাড়খন্ডে, প্রথমবার উত্তোলন হল পতাকা

সাথী দাস, পুরুলিয়া, ২৬ জানুয়ারি: গত ৭২ বছরে যেটা হয়নি, এবার সেটা হল। প্রথমবার জাতীয় পতাকা চাক্ষুস করলেন তাঁরা। সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে উত্তোলন হল ভারতের জাতীয় পতাকা। স্বাধীন ভারতে এমন বিরল ঘটনাও ঘটল। পশ্চিমবঙ্গের প্রতিবেশী ভারতের ঝাড়খন্ডের সরাইকেলা-খরসওয়া জেলার সামালপুরে। সেখানকার খেড়িয়া বস্তিবাসী যেন স্বাধীনতার স্বাদ পেলেন। জাতীয় পতাকা হাতে নিয়ে অনাবিল খুশি ফুটে উঠল শিশুদের চোখে মুখে। এমন ঘটনার সাক্ষী থাকলেন সেখানে সাধারণতন্ত্র দিবস উদযাপন করা কে এম আদিবাসী যুব কল্যাণ সমিতির সদস্যরা।

কয়েকমাস আগে সরাইকেলা-খরসওয়া জেলারই নিমডি থানা এলাকার ওই সমিতি উন্নয়নমূলক কাজ করতে গিয়ে বিষয়টি জানতে পারে। খোঁজ নিয়ে সমিতির সম্পাদক জগদীশ মাহাতো জানেন, বিস্তৃত শবর বস্তিতে ভোটের সময় নেতা কর্মীরা গেলেও স্বাধীনতা দিবস পালন, সাধারণতন্ত্র দিবস উদযাপন করেননি তাঁরা।

সাধারণতন্ত্র দিবস সম্পর্কে জানা তো দূর অস্ত দেশের জাতীয় পতাকায় চাক্ষুস করেননি ওই শবর সম্প্রদায়ভুক্তরা। আজ যেন গেরুয়া, সাদা, সবুজ রঙের মানে বুঝলেন। আর অশোক চক্র জীবন চক্রের আবর্তে মিশে একাকার হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *