আমাদের ভারত, মালদা, ১৬ ডিসেম্বর: স্বামীর ফোন এসেছে বলে ডেকে নিয়ে গিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ। ঘটনাটি ঘটেছে মালদার সাহাপুর অঞ্চলের চর কাদিরপুর এলাকায়। এবিষয়ে গ্রামেই সমস্যা সমাধানের কথা বলা হলেও অভিযুক্ত সেখানে আসেনি। এমনকি ওই গৃহবধূকে প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্ত। তাই বাধ্য হয়ে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই গৃহবধূ।
জানাগিয়েছে, গৃহবধূর স্বামী ভিন রাজ্যে কাজ করেন। তাই মালদার সাহাপুর অঞ্চলের চর কাদিরপুর এলাকার বাড়িতে একাই থাকতেন ওই গৃহবধূ। তাঁর অভিযোগ, প্রতিবেশী ললিত মন্ডল বেশ কয়েকদিন আগে তার বাড়িতে আসে এবং তাকে বলে ভিন রাজ্য থেকে স্বামী ফোন করেছে। এরপরই ওই গৃহবধূ তার স্বামীর সঙ্গে কথা বলার জন্য প্রতিবেশি ললিত মণ্ডলের বাড়িতে যায়। তখন অভিযুক্ত ললিত মন্ডল তাকে জোরপূর্বক আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখায়। ভয়ে সেই কথা ওই গৃহবধূ কাউকে বলতে পারেনি। গ্রামের মানুষকে ঘটনাটি জানালে তারা বিষয়টি মীমাংসার জন্য অভিযুক্তকে বেশ কয়েকবার ডাকেন। কিন্তু অভিযুক্ত ললিত মন্ডল সেখানে যায়নি। এরপর ওই গৃহবধূর স্বামী সম্প্রতি ভিন রাজ্য থেকে মালদায় ফিরে এলে সমস্ত ঘটনা তার স্বামীকে জানায় সে।

গৃহবধূ আরও জানান, এলাকায় এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়ে টাকা দিয়ে মিমাংসা করে নেয় অভিযুক্ত। থানায় কাউকে যেতে দেয় না। বৃহস্পতিবার অভিযুক্ত ললিত মন্ডলের নামে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গৃহবধূ।
রাতেই পুলিশ গোপন ডেরা থেকে গ্রেপ্তার করে অভিযুক্তকে। বৃহস্পতিবার ধৃতকে জেলা আদালতে পাঠিয়ে ওই মহিলার মেডিকেল করানোর জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

