রায়গঞ্জে শিশু কন্যাকে ধর্ষণ, গ্রেফতার কিশোর

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৯ জুন: শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশি এক কিশোরের বিরুদ্ধে৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরের ৮ নং ওয়ার্ডের শক্তিনগর এলাকায়৷

জানাগেছে, পাড়ারই এক শিশু কন্যা প্রতিদিনই প্রতিবেশি কয়েকজনের বাড়িতে গিয়ে সেই বাড়ির বাচ্চাদের সঙ্গে খেলা করে। বুধবার দুপুরেও খেলা করতে পাশের বাড়িতে যায় সে। সেই সময় ওই বাড়ির কিশোর তাকে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। শিশুটি তীব্র যন্ত্রণা নিয়ে বাড়িতে এসে তার মাকে সব স্পষ্ট করে বলতে না পারলেও, তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়।

এরপর তাকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। রাতে হাসপাতালের সামনে ভিড় জমান নির্যাততা শিশু কন্যার আত্মীয় পরিজনরা। তাদের অভিযোগ, এটি একটা ন্যক্কারজনক ঘটনা। একটি ছোট্ট শিশু কন্যার ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযুক্ত কিশোরের শাস্তির দাবি তুলেছেন তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ৷ হাসপাতালে গিয়ে নির্যাতিতা শিশুর মায়ের সঙ্গে কথা বলেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা৷ পুলিশ সূত্রে খবর ওই কিশোরকে রাতেই আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *