সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩১ মার্চ: কীর্তন শুনে বাড়ি ফেরার সময় তৃণমূলের অঞ্চল সভাপতিকে এলোপাথাড়ি কোপ। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বেড়গুম-২ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি কল্যাণ দত্তের উপর হামলার ঘটনা ঘটল। ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও ঘাড়ে আঘাত করা হয় তাঁকে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন।
ঘটনার প্রতিবাদে এদিন সকাল আটটা থেকেই হাবড়া-বসিরহাট রোডের প্রতাপনগর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় গোবরডাঙা থানার পুলিশ।

জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম জয়দীপ দত্ত। সে আক্রান্ত অঞ্চল সভাপতি কল্যাণ দত্তের ভাইপো। দীর্ঘদিন ধরেই তাদের পারিবারিক ও জায়গা-জমি সংক্রান্ত বিবাদ চলছিল বলে এলাকাবাসীরা জানিয়েছেন।
বেআইনি ভাবে পুকুর ভরাটের প্রতিবাদ করায় হামলার অভিযোগ। অভিযুক্ত জয়দীপ দত্ত পলাতক। ঘটনাস্থলে গিয়ে হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সভাপতি অজিত সাহা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পুলিশ ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে তারপর অবরোধ ওঠে। গাইঘাটা থানার পুলিশ তদন্ত শুরু করেছে৷

