স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১১ মে:
বাড়ির লোককে না জানিয়ে রোগীর মৃতদেহ দাহ করার অভিযোগ উঠল রানাঘাট মহকুমা হাসপাতালের বিরুদ্ধে।
জানাগেছে, শ্বাসকষ্ট জ্বর নিয়ে গত শনিবার সকাল ১০টায় রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি হয় বছর পঁয়ত্রিশের গোপাল মিস্ত্রী। ঘন্টা খানেক চিকিৎসা চলার পর তাঁর মৃত্যু হয়। রোগীর পরিবার সুত্রে জানা যায় হাসপাতাল থেকে বাড়ির লোককে বলা হয় মৃতদেহের করোনা পরীক্ষা হবে।আপনাদের পরে জানানো হবে। সে মত দুদিন পেরিয়ে যাওয়ার পর কিছু জানতে না পেরে বাড়ির লোক হাসপাতালে যোগাযোগ করতেই হাসপাতালের কাছ থেকে জানতে পারে মৃতদেহ দাহ হয়ে গেছে।
পরিবারের অভিযোগ, রোগীর যদি করোনা থাকতো, করোনা টেস্টে যদি রিপোর্ট পজিটিভ আসত তবে মৃতদেহ আমাদের না দিয়ে দাহ করত। কিন্তু কোনও কিছুই হাসপাতাল কর্তৃপক্ষ জানায়নি। শেষবারের মতো দূর থেকেও একবার দেখতে দেয়নি। যদি রিপোর্ট পজিটিভ থাকতো পরিবারের অন্য সদস্যরা কোভিড পরীক্ষা করিয়ে সচেতন হতে পারত। এ বিষয়ে হাসপাতালের সুপারের সঙ্গে যোগাযোগ করলে বলা হয়, আমার কাছে কোনও লিখিত অভিযোগ করেনি, তবে বিষয়টি দেখা হচ্ছে। পরিবারের লোক মঙ্গলবার লিখিত অভিযোগ করবে বলে জানান। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে রানাঘাট হসপিটাল সুপার।

