স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ জুন:
নিখোঁজ হওয়া এক কিশোরীকে উদ্ধার করল পুলিশ। সূত্রের খবর, সুদূর উত্তর প্রদেশে পাচার হওয়ার সময় ওই কিশোরীকে উদ্ধার করে নদিয়ার রানাঘাট থানার পুলিশ। রানাঘাট থানার নাসড়া এলাকার বাসিন্দা ওই কিশোরীকে কিছুদিন আগে অপহরণ করে রামু ঠাকুর নামে এক যুবক। পরে কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মোবাইলের টাওয়ারের লোকেশন ধরে উত্তর প্রদেশের বাদাউন জেলা থেকে ওই যুবককে গ্রেফতার করে রানাঘাট থানার পুলিশ। পরে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয় কিশোরীকে। রবিবার ধৃত যুবককে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। কিশোরীকে তার পরিবারের হাতে তুলে দেওয়ার কাজ শুরু করেছে পুলিশ।


