মহাজোটের দখলে রামপুরহাট মহকুমার দুই পঞ্চায়েত

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১১ আগস্ট: শাসক দল তৃণমূলকে আটকাতে মিলেমিশে গেল বিজেপি-তৃণমূল এবং বাম কংগ্রেস জোট। বীরভূমের রামপুরহাট মহকুমার বেশ কয়েকটি পঞ্চায়েত দখল করল রামধনু জোট।

মুরারই ২ নম্বর ব্লকের জাজিগ্রাম পঞ্চায়েতের ২৪টি আসনের মধ্যে বিজেপি দখল করে ৭টি আসন। ৯ টি আসন তৃণমূলের দখলে যায়। এছাড়া সিপিএম ৩টি, কংগ্রেস ৪টি এবং ১টি আসন দখল করে নির্দল। শুক্রবার বোর্ড গঠনে গেরুয়া-লাল-সবুজ সব মিলেমিশে এক হয়ে যায়। ১৪ আসন নিয়ে বোর্ড দখল করে মহাজোট। প্রধান নির্বাচিত হন তুষারকান্তি রাজবংশী এবং উপপ্রধান নির্বাচিত হন বিজেপির বীণাপাণি রাজমল্ল।

বীণাপাণিদেবী বলেন, “তৃণমূলের দুর্নীতি রুখতে আমরা ভোটের পর জোটবদ্ধ হয়েছিলাম। এর আগে তৃণমূল কোনো উন্নয়ন করেনি। আমরা এলাকার উন্নয়নের উপর জোর দেব”।

নলহাটি ২ নম্বর ব্লকের শীতলগ্রাম পঞ্চায়েতের মোট আসন ২২টি। বিজেপি একক ভাবে দখল করে ৮টি আসন। অন্যদিকে বাম-কংগ্রেস জোট দখল করে ৯টি। তৃণমূলের দখলে যায় ৫টি আসন। এই পঞ্চায়েতেও মহাজোট গড়ে তৃণমূলকে পরাস্ত করা হয়। প্রধান নির্বাচিত হন কংগ্রেসের সাহিনা খাতুন। উপপ্রধান নির্বাচিত হন বিজেপির সুভদ্রা লেট।

কংগ্রেস নেতা তাইজুদ্দিন মণ্ডল বলেন, “মানুষ চোর তৃণমূলকে চায়নি। তাই তাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন। মানুষের রায়কে সম্মান দিতেই আমরা মিলিজুলি বোর্ড গঠন করলাম। এলাকার উন্নয়নের স্বার্থেই এই বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের প্রথম কাজ হবে এলাকায় পানীয় জলের সমস্যার সমাধান”।

নলহাটি ১ নম্বর ব্লকের হরিদাসপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২০টি। বিজেপি এককভাবে দখল করে ৮টি আসন, তৃণমূল ৭টি। এছাড়া কংগ্রেস ৩ টি এবং সিপিএম ২টি আসন দখল করে। নির্বাচনের পর কংগ্রেসের তিন সদস্য তৃণমূলে যোগদান করেন। এদিন তৃণমূল নিজেদের ১০ সদস্য নিয়ে পঞ্চায়েতে ঢুকে গেটে তালা ঝুলিয়ে দেয়। এনিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। শুরু হয় হাতাহাতি। এরপরেই পুলিশের তৎপরতায় গেট খুলে বিজেপি-সিপিএম ভিতরে প্রবেশ করে। প্রধান নির্বাচনে টসে জয়ী হয় তৃণমূল। প্রধান হন দলত্যাগী কংগ্রেস সদস্য আতাব উদ্দিন মেহেবুব।

তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য বলেন, “এসব রামধনু জোট। ওদিকে বিজেপিকে ভারতছাড়া করতে সোনিয়া সকলকে নিয়ে ইন্ডিয়া গঠন করেন। আর এখানে কংগ্রেস-সিপিএম, বিজেপির সঙ্গে জোট গড়ে ভাগ বাটোয়ারার পঞ্চায়েত গড়ছে। এটা দেউলিয়াপনা রাজনীতি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *