আশিস মণ্ডল, রামপুরহাট, ২১ সেপ্টেম্বর: পিতৃপক্ষের শুরুতে খুঁটি পুজো দিয়ে মা দুর্গার আবাহন করল রামপুরহাট সানঘাটাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি। মঙ্গলবার সকালে পুজো কমিটির উপস্থিতিতে খুঁটি পুজো করা হয়। এবার এই পুজো ৬৮ বছরে পড়ল।

পুজো কমিটির সভাপতি সুনীল কেশরী ও সম্পাদক চঞ্চল মুখোপাধ্যায় বলেন, “করোনা অতিমারির কথা মাথায় রেখে এবার মণ্ডপের গেট বড়ো করা হবে, যাতে দর্শনার্থীরা বাইরে থেকেও প্রতিমা দর্শন করতে পারেন। মণ্ডপ গড়া হবে মন্দিরের আদলে। সাবেকি প্রতিমায় থাকবে আধুনিকতার ছোঁয়া। কৃষ্ণনগরের বিশিষ্ট মৃত শিল্পী শঙ্কর পাল এবার প্রতিমা গড়ছেন। এছাড়া করোনা বিধি মেনে পুজো করা হবে। মণ্ডপে রাখা হবে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক। মাস্ক ছাড়া কোনও দর্শনার্থীকে পুজো মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হবে না। সে বিষয়ে কমিটির সদস্যরা সজাগ থাকবে”।


