এক অসহায় দম্পত্তিকে হাসপাতালে ভর্তি করল রামপুরহাট থানার পুলিশ

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২৪ জানুয়ারি: অসহায় এক দম্পত্তিকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করল রামপুরহাট থানার পুলিশ। পুলিশের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার মানুষ।

কনকনে শীতে কয়েক দিন ধরে বীরভূমের রামপুরহাট বাসস্ট্যান্ডের যাত্রী প্রতীক্ষালয়ে আশ্রয় নিয়েছিলেন এক বৃদ্ধ দম্পতি। বিষয়টি প্রথম নজরে আসে সংবাদ মাধ্যমের। এরপরেই রামপুরহাট শহরের সমাজসেবী পার্থপ্রতীম গুহ ওই দম্পত্তির কাছে গিয়ে খাবার এবং প্রয়োজনীয় শীতবস্ত্র তুলে দেন। সেখান থেকেই খবর পেয়ে সোমবার বিকেলে রামপুরহাট থানার পুলিশের একটি দল ওই দম্পতিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দম্পত্তি সুস্থ হয়ে উঠলে খোঁজখবর নিয়ে তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে।

পার্থপ্রতীমবাবু বলেন, “আমি খবর পেয়েই রবিবার সন্ধ্যায় ওই দম্পত্তিকে দুটি কম্বল, রাতের খাবার এবং কয়েক দিনের শুকনো খাবার পৌঁছে দিয়ে এসেছিলাম। ঠিক করেছিলাম সোমবার তাদের হাসপাতালে ভর্তি করব। কিন্তু তার আগেই পুলিশ তাদের হাসপাতালে ভর্তি করল। পুলিশের এই কাজের প্রশংসা করছি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *