মসজিদে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার আবেদন জানালেন রামপুরহাট পুরসভার কাউন্সিলর সৈয়দ সিরাজ জিম্মি

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২৮ এপ্রিল: শুধু ধর্মীয় পাঠ নয়, মসজিদে মসজিদে ছেলেমেয়েদের কম্পিউটার পাঠ দেওয়ার আবেদন জানালেন রামপুরহাট পুরসভার কাউন্সিলর। তৃণমূলের রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। তাঁর এই আবেদনে এগিয়ে এসেছেন ইমাম, মোয়াজ্জেম মসজিদ কমিটি।

আসন্ন ঈদ উপলক্ষ্যে বৃহস্পতিবার রামপুরহাট থানা এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও মসজিদ কমিটির সদস্যদের নিয়ে সভার আয়োজন করা হয়েছিল। মূলত পবিত্র ঈদ উৎসবে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আবেদন জানাতেই এই সভা বলে জানা গিয়েছে। রামপুরহাট থানা চত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসি দেবাশিস চক্রবর্তী, রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, সাব ইন্সপেক্টর টুবাই ভৌমিক সহ বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জেমরা। প্রশাসনের পক্ষ থেকে সভায় উৎসবে শান্তিশৃঙ্খলা বজায় রেখে প্রাণের উৎসবে মেতে ওঠার আবেদন জানানো হয়। ওই আবেদনে সাড়া দেন উপস্থিত সকলে। ব্যতিক্রমী আবেদন জানান সৈয়দ সিরাজ জিম্মি। তিনি বলেন, “মসজিদে ধর্মের পাঠের পাশাপাশি ছেলেমেয়েদের কম্পিউটার শিক্ষায় পারদর্শী করে তুলুন। এটা করতে পারলে তরুণ তরুণীরা কম্পিউটার চালিয়ে স্বাবলম্বী হতে পারবে। যাদের সামর্থ্য রয়েছে তাঁরা কম্পিউটার শেখার প্রশিক্ষক নিয়োগ করুন। যদি কারও সমস্যা থাকে তাহলে আমরা কম্পিউটার দেওয়ার ব্যবস্থা করব। আপনারা স্বেচ্ছাসেবী প্রশিক্ষক খুঁজুন। না পেলে আমরা খুঁজে দেব”।

জিম্মির এই আবেদনে সাড়া দিয়েছেন অধিকাংশ মসজিদের ইমাম ও মোয়াজ্জেমরা। এই প্রস্তাবকে সাধু উদ্যোগ বলে জানিয়েছেন রামপুরহাট থানার আইসি থেকে পুরসভার চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *