ফেসবুকে দলের বিরুদ্ধে তৃণমূল নেতার পোষ্ট এবং পাল্টা পোষ্ট ঘিরে সরগরম রামপুরহাট

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ৫ জুলাই: দলের বিরুদ্ধে ফেসবুকে তৃণমূল নেতার পোষ্ট এবং পাল্টা পোষ্টকে ঘিরে সরগরম রামপুরহাট শহর। দু’জনেই পোষ্ট তুলে নিলেও তাদের পোষ্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। এরপরেই গোদের উপর বিষফোঁড়া হয়ে সামনে এসেছে একটি অডিও কথোপকথন। সেখান থেকেই পরিস্কার রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপোকে নিয়েই ফেসবুক তরজা।

দিন দুয়েক আগেই রামপুরহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পান্থ দাস ফেসবুকে একটি পোষ্ট করেছিলেন। তাতে লিখেছিলেন ‘গর্বিত আমি ছাত্র অবস্থায় হাতে খড়ি স্যারের মাধ্যমে। ভাইপো কত লুটের মালিক এটাও বড্ড জানতে ইচ্ছে হয়’। এই লেখার পর রামপুরহাটের বিধায়ক, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি পোষ্ট করেন। তাতে লেখা হয়েছে, ‘আমি মুখ খুললে অনেকের প্যান্ট খুলে যাবে…। দয়া করে মুখ খুলতে বাধ্য করবেন না”। পান্থ দাসের পোষ্টে স্যার কিংবা ভাইপোর পরিচয় উল্লেখ না থাকলেও পরদিন একটি অডিওর কথোপকথন থেকে মনে করা হচ্ছে স্যার আশিস বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই কথোপকথন পান্থর সঙ্গে আশিসবাবুর গাড়ির চালকের মধ্যে হয়েছে বলে মনে করছেন শহরের মানুষ।

বিষয়টি নিয়ে তোলপাড় হতেই দুজনেই তাদের পোষ্ট তুলে নিয়েছেন। ভুল স্বীকার করে পান্থ লিখেছেন, ‘আমার রাজনৈতিক জীবনে স্যার শুরু, স্যারই শেষ। ক্ষমা চেয়ে নিচ্ছি যদি অচেতন মনে কিছু ভুল মন্তব্য করে থাকি’। তবে সংবাদ মাধ্যমের কাছে কিছু বলতে চাননি পান্থ দাস। মুখ খোলেন আশিস বন্দ্যোপাধ্যায়ও। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “যিনি অভিযোগ করছেন তাকেই প্রমাণ করতে হবে আমি লুটের টাকার মালিক। তবে আমি জোর গলায় বলছি আমি কোনো দিন অসৎ উপায়ে টাকা উপার্জন করিনি”। নিজের পোষ্ট সম্পর্কে অভিষেক বলেন, “ওটা একটা জোক। আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *