আমাদের ভারত, ২৯ এপ্রিল:পশ্চিমবঙ্গে ৩৫৬ ধারা কার্যকর করার দাবিতে বিজেপির ঘনিষ্ঠ আইনজীবীরা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন। এছাড়াও আজ ভোট পরবর্তী হিংসায় শহীদ পরিবারের সদস্যরাও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে।
পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া হয়েছেন অসংখ্য মানুষ। রাষ্ট্রপতির কাছে এ বিষয়গুলি আজ তারা তুলে ধরেন। আইনজীবীরা জানান, রাষ্ট্রপতি তাদের কথা শুনেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন। এই একই দাবিতে ইন্ডিয়া গেটে তারা একটি মিছিল করেন। এরপর সন্ধ্যেবেলায় ওই আইনজীবীরা এবং ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত শহীদ পরিবারগুলি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেন। ১৭টি শহীদ পরিবারের সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য কলকাতায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। বীরভূমের শহীদ পরিবারের সদস্য সেন্টু বাগদি, কাঞ্চননগর গোকুলতলার নারায়ণ দে।
আইনজীবীরা বলেন, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যা তাতে শীঘ্রই রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার সেখানে। সেখানে পুলিশ হিংসা কে সমর্থন করছে। তারা সক্রিয় নয়। কোনো পদক্ষেপ করছে না। আর এই ঘটনাগুলিই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে।
ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত করছে সিবিআই। ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু এই ইস্যুকে এবার জাতীয় স্তরে নিয়ে এলো গেরুয়া শিবির। তৃণমূলের ওপর চাপ বাড়াতে এই কৌশল নিয়েছে পদ্ম শিবির বলে মনে করছে রাজনৈতিক মহল।

