অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৯ জুলাই:
শুক্রবার বিকেলে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে রাজ্য সড়কের উপর কানপুরের কাছে তান্ডব চালাল রামলাল।পরে কানপুর হয়ে তপশিয়া বাজার আসে রামলাল। দিনের বেলায় রামলালকে বাজারের দিকে আসতে দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বাজারে ঢোকার আগে তপসিয়া হাসপাতালের কাছে একটি দোকান থেকে আলুর বস্তা বের করে খায়। এরপর তপসিয়া বাজারে একটি ধানের গোডাউন থেকে এক বস্তা ধান বের করে খায়।
এই রামলাল একটি দাঁতাল হাতি। মাঝে মাঝে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে এসে লুটপাট চালায়, তাই এলাকার মানুষ এর নাম দিয়েছে রামলাল। আজও সে লোকালয়ে হানা দেয়। কে দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমাতে শুরু করেন। হাতিটি শান্ত স্বভাবের হওয়ায় সেভাবে কারো কোনো ক্ষতি করে না। তাই তাকে ঘিরে মানুষের ভিড় জমে যায়। অনেকে হাতির সামনে গিয়ে উত্ত্যক্ত করতে থাকে।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন দুপুরে হাতিটি বাহারুনা জঙ্গল থেকে বেরিয়ে কানপুর হয়ে তপশিয়া এলাকার ৯ নং রাজ্য সড়কের উপরে উঠে আসে। প্রায় তিন ঘন্টা ধরে তপশিয়া বাজার এলাকায় তান্ডব চালায়। বনদফতরকে খবর দেওয়া হলেও বনদফতর কর্মীরা অনেক দেরিতে আসেন বলে অভিযোগ। যদিও বনদফতরের দাবি, খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন বনকর্মীরা। উল্লেখ্য এর আগেও, একাধিকবার জাতীয় সড়ক, রাজ্য সড়কে উঠে লরি থামিয়ে খাবারের সন্ধান চালিয়েছে হাতি। এদিন আবারও ফেঁকো গোপীবল্লভপুর রাজ্য সড়কের তপশিয়া বাজার এলাকায় উঠে এসে খাবারের সন্ধান করতে শুরু করে। তারপরেই হাতিটি হাঁটাদেয় রান্টুয়া দিকে। হাতিকে ঘিরে তার আগে ও পিছন হাঁটতে থাকে বহু মানুষ। রান্টুয়া বাজারের একটি ফলের দোকান ভেঙ্গে ফল খায় হাতিটি। পরে রান্টুয়া বাজার থেকে সুবর্ণরেখা নদীর দিকে রওনা দেয়।

