সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ মার্চ: বাঁকুড়ায় শুক্রবার রামনবমীর মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিল ঘিরে চাপা উত্তেজনা, শহরজুড়ে আবেগে ভাসছে রামভক্তরা। সকাল ন’টায় নতুনচটির পাঁচবাগা ময়দান থেকে মিছিল শুরু হবে।
বিশ্ব হিন্দু পরিষদের তত্বাবধানে শ্রীরাম নবমী উদযাপন সমিতির উদ্যোগে বিগত বছরগুলিতেও বিরাট ধর্মীয় মিছিলের আয়োজন হয়ে আসছে। ২০২২ সালে মিছিলের গতিপথ নিয়ে উদ্যোক্তাদের মতবিরোধ হয়। উদ্যোক্তারা মিছিল নিয়ে কলেজ রোড হয়ে মসজিদের সামনের রাস্তা পেরিয়ে মাচানতলা মোড়ে যাওয়ার আবেদন জানালে পুলিশ প্রশাসন তা খারিজ করে পোস্ট অফিসের সামনে হয়ে মাচানতলা পৌঁছনোর অনুমতি দেয়। উদ্যোক্তারা প্রশাসনের নির্দেশিত রুট মেনে নিলেও মিছিলে অংশগ্রহণকারী জনতা তা মানতে অস্বীকার করে। মসজিদের সামনের রাস্তা বাঁশ দিয়ে ব্যরিকেড ও ব্যাপক পুলিশ মোতায়েন থাকলেও উত্তেজিত জনতা ব্যরিকেড ভাঙ্গার চেষ্টা করলে পুলিশ লাঠি চালায়। যার ফলে জনতার সঙ্গে রীতিমতো সংঘর্ষ বাধে। এই পরিস্থিতি মোকাবিলায় এবছর পুলিশ প্রশাসন আগে ভাগেই উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেন। কিন্তু সেই বৈঠক ঘিরে মনকষাকষি শুরু হয়।
গত মঙ্গলবার সদর থানায় রামনবমীর মিছিল নিয়ে বৈঠক ডাকা হয়। কিন্তু সেই বৈঠক বয়কট করে বেড়িয়ে আসেন বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা। তাদের বক্তব্য, আমরা আগে ভাগেই জানিয়েছিলাম যে হিন্দুদের উদ্দেশ্যে কটু মন্তব্যকারী পুলিশের কর্তাব্যক্তি উপস্থিত থাকলে আমরা বৈঠকে অংশ নেব না। কেননা ওই পুলিশ কর্তা, “নব্বই পার্সেন্ট হিন্দু টেররিস্ট” বলে মন্তব্য করেছিলেন। তার এই মন্তব্যের প্রতিবাদ স্বরূপ আমরা তার বৈঠক বর্জন করি। এই ঘটনায় পুলিশ প্রশাসনের চাপ বেড়ে যায়। উদ্যোক্তাদের ক্ষোভ প্রশমিত করতে ফের আজ সকালে বৈঠক ডাকেন সদর থানার আই সি। বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত ছিলেন। নির্বাচন ঘোষণা হওয়ায় নির্বাচন বিধি মেনে মিছিল করার পরামর্শ দেওয়ার পাশাপাশি কোনও প্রকার অস্ত্র বহন করা যাবে না বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। উদ্যোক্তারাও শান্তিপূর্ণ মিছিলের আশ্বাস দিয়েছেন।
রামনবমী উদযাপন সমিতির সম্পাদক রাম অবতার আগরওয়াল জানান, দশ হাজারের অধিক রামভক্ত এই ধর্মীয় মিছিলে অংশগ্রহণ করবেন। শান্তিপূর্ণ ভাবে মিছিল সম্পন্ন করার জন্য সকলের কাছে আবেদন জানানো হয়েছে। কোনও প্ররোচনার ফাঁদে যেন কেউ পা না দেয় তার জন্য সতর্ক করা হয়েছে।
উদ্যোক্তাদের পক্ষে হরসুন্দর দত্ত জানান, মিছিলে শ্রীরামের প্রতিকৃতি ছাড়াও ভারতমাতা, রামশীলা, গোমাতা, শিবাজী মহারাজের প্রতিকৃতি সহ ট্যবলো থাকবে। ব্যান্ড পার্টি, মহিলা ঢাকি সহ বাজনা ঢাক- ঢোল ইত্যাদির সমাহারে সুসজ্জিত মিছিল শহর পরিক্রমা করবে।

